২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানির দাম বাড়ানোর প্রভাব পরিবহন ও দ্রব্যমূল্যের ওপর পড়বে: জ্বালানি উপদেষ্টা

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়ের প্রয়োজনে সরকার জ্বালানি তেলের দাম পুননির্ধারণ করেছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 03:45 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

সোমবার সকালে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পরিবহন ভাড়া ও দ্রব্যমুল্যের ওপর প্রভাব ফেলবে। তবে এটি যেন অসহনীয় পর্যায়ে না যায় তা নিশ্চিত করবে সরকার।

জ্বালানি উপদেষ্টা বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আমদানি মূল্যের চেয়ে অনেক কম দামে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেল বিক্রি করছে বলে প্রতি বছর বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। এখন বিপিসিকে আমদানি করা ডিজেল ও কেরোসিনে লিটার প্রতি যথাক্রমে ১০ ও ৯ টাকা লোকসান দিতে হচ্ছে। তারপরও বিপিসি দেশি-বিদেশি ব্যাংক ও আন্তর্জাতিক আর্থিক সংস্থা থেকে ঋণ নিয়ে জ্বালানি তেল আমদানি করছে।

তপন চৌধুরী জানান, বিপিসির ঋণের পরিমাণ এখন প্রায় ১৩ হাজার কোটি টাকা। তাই জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে এর দাম বাড়ানো ছাড়া আর কিছু করার ছিল না।

জ্বালানি উপদেষ্টা জানান, এ কিস্তিতে দাম বাড়ানোর পরও চলতি অর্থবছরের শেষ অর্থাৎ জুন পর্যন্ত বিপিসির মোট লোকসান দাঁড়াবে ৯০ কোটি টাকা।

তপন চৌধুরী জানান, সরকার আজ (সোমবার) থেকে দেশে জ্বালানি তেলের দাম পুননির্ধারণ করেছে। পরে বিপিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি কমিটির মাধ্যমে নির্দিষ্ট সময় পরপর আন্তর্জাতিক মূল্যের সঙ্গে সমন্বয় করে সব ধরনের পেট্রোলিয়াম পণ্যের দাম পুননির্ধারণ করা হবে।

তিনি জানান, এই সপ্তাহে আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল ডিজেলের দাম ৭৪ মার্কিন ডলার। যা গত সপ্তাহে ছিল ৬৭ মার্কিন ডলার। আমদানি করা এসব পেট্রোলিয়াম পণ্যের ওপর প্রিমিয়াম, ৩০ শতাংশ সরকারি ট্যাক্স ও অন্যান্য শুল্ক আরোপ করে খোলা বাজারে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়।

জ্বালানি উপদেষ্টা আরও বলেন, এর পরও ডিজেল ও কেরোসিনে লিটার প্রতি যথাক্রমে তিন ও দুই টাকা করে সরকারকে ভর্তুকি দিতে হবে।

তপন চৌধুরী জানান, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে প্রতি কিলোমিটারে বাস ভাড়া যাত্রী প্রতি বাড়বে সর্বোচ্চ সাত পয়সা এবং পণ্যবাহী ট্রাকে প্রতি কিলোমিটারে টন প্রতি সর্বোচ্চ তেইশ পয়সা। এই হিসেবে ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রী প্রতি ভাড়া বাড়বে ১৫-২০ টাকা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কারো চাপে নয়, নিজেদের প্রয়োজন এবং বাস্তবতার আলোকে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”