জঙ্গি মদদদাতা ও চাঁদাবাজির মামলায় আটক ৯
রাজশাহীর বাগমারা থানা পুলিশ রোববার গভীর রাতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে। এরা হলেন কিলার মোস্তাকের বাবা জলিল আমিন, আবদুর রহিম, হালিম মন্ডল, আবুল মন্ডল, আবুল কালাম, নজরুল দর্জ্জি, মোকসেদ আলী।
পুলিশ জানায়, জঙ্গি মদদদাতা, চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সাবেক সাংসদ নাদিম মোস্তফাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে বাগমারা ও নাটোরের নলডাঙ্গা থানায় রোববার রাতে মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে এদের গ্রেপ্তার করা হয়।
এর আগে পুলিশ নাটোরের নলডাঙ্গা থানার রামশা কাজিপুর গ্রামের কুদ্দুস ও হাফিজুল ইসলাম নামের দুই জঙ্গিকে আটক করেছে।
সদ্য ফাঁসি হওয়া জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের হাতে নির্যাতিত বাগমারা উপজেলার পলাশী গ্রামের আইয়ুব আলী বাগমারা থানায় এবং পুঠিয়া উপজেলার নান্দিপুর দওবেশপাড়ার মহিদুল ইসলাম নাটোরের নলডাঙ্গা থানায় মামলা দুটি দায়ের করেন।
নলডাঙ্গা থানার মামলায় সদ্য ফাঁসি হওয়া বাংলা ভাইসহ ২১ জনকে আসামি করা হয়েছে। দ্বিতীয় মামলাটিতে একইসঙ্গে আসামি করা হয়েছে সাবেক মন্ত্রী আমিনুল হকসহ ৩০ জনকে।
এর আগে বৃহস্পতিবারও সাবেক মন্ত্রী আমিনুল হকের বিরুদ্ধে একই থানায় একই অভিযোগে মামলা হয়। এই নিয়ে তিনজনের বিরুদ্ধেই দুটি করে মামলা দায়ের করা হলো।
মামলার উল্লেখযোগ্য আসামীরা হলো কিলার মোস্তাক, কিলার মোস্তাকের ভাই মিনহাজ, কিলার মোস্তাকের পিতা জলিল আমিন, মামুন মোহরী, আব্দুর রহিম, হালিম মন্ডল, আবুল মন্ডল, আবুল কালাম, নজরুল দর্জ্জি, মোকসেদ আলী, মুর্শিদ সোনার, সিদ্দিক সোনার, মতলুর রহমান, মজাহার মন্ডল ও সাজবুল।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা গোলাম সারোয়ার পিপিএম জানান, কিলার মোস্তাক, মুর্শিদ সোনার, সিদ্দিক সোনার, মতলুর রহমান, মজাহার মন্ডল ও সাজবুল যুবলীগ নেতা জাহাঙ্গীর হত্যা মামলায় বর্তমানে কারাগারে রয়েছে।
সোমবার দুপুরে আটক আসামীদের আদালতে হাজির করার কথা রয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, আটক কুদ্দুস ও হাফিজুলকে আদালতের মাধ্যমে সোমবার বিকেলে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
