২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের উচিত নিজেদের উপযোগী গণতন্ত্র প্রতিষ্ঠা করা: সেনাপ্রধান

সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মইন উ আহমেদ বলেছেন, গণতন্ত্রের চর্চা দেশে বড় ধরনের দুর্নীতি ও অনাচারের জন্ম দেওয়ায় বাংলাদেশের উচিত ‘নিজস্ব ধারার’ গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 06:00 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের উপস্থিতিতে তিনি বলেন, ‘‘দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্য গত ৩৬ বছরেও পূরণ করতে না পারাটা বড়ই পরিতাপের বিষয়’’।
সোমবার সকালে রাজধানীর শেরাটন হোটেলে পলিটিক্যাল সায়েন্স এসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে সেনাপ্রধান আরো বলেন, ‘‘আমি মনে করি বাংলাদেশের উচিত এর জাতীয় পরিচয়ের উপাদানগুলোর মধ্যে ধর্মের পাশাপাশি সামাজিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক অবস্থাকে স্বীকৃতি দিয়ে নিজস্ব ধারার গণতন্ত্র গড়ে তোলা’’।

ডঃ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মইন উ আহমেদ আরো বলেন, ‘‘আমি জোর দিয়ে বলতে চাই প্রাচীন এথেন্সে গণতন্ত্রের ধারণাটি গড়ে ওঠেছিল ছোট ছোট নগরকে কেন্দ্র করে। নগরভিত্তিক ওই ব্যবস্থা এখন আর কোনো রাষ্ট্রে ফিরিয়ে আনা যাবে না।”

সেমিনারের উদ্বোধনী অধিবেশনের পর সেনাপ্রধান দর্শকদের প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, সশস্ত্র বাহিনী জনতার নীরব সহযোগী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেশে রাজনীতির নতুন প্লাটফর্ম (রাজনৈতিক দল) দরকার কিনা-জনগণই সে সিদ্ধান্ত নেবে।”

দ্যা চ্যালেঞ্জিং ইন্টারফেস অব ডেমোক্রেসি এন্ড সিকিউরিটি শীর্ষক সেমিনারে মইন উ আহমেদ বলেন, “আমি বিশ্বাস করি, বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতি দেশের ভবিষ্যত রাজনীতি সম্পর্কে একটি নতুন ধারণা ও দিক নির্দেশনা প্রতিষ্ঠার সুযোগ করে দেবে।”

তিনি বলেন, আমরা ‘ইলেকটিভ ডেমোক্রেসি'তে ফিরে যেতে চাই না। কারণ, এ ধাঁচের গণতন্ত্রে দুর্নীতিতে সমাজ ছেয়ে যায়। নিরাপত্তাহীনতা, মানবাধিকার লঙ্ঘন প্রভৃতি অনাচারে শাসনব্যবস্থা জর্জরিত হয়। রাজনৈতিক দুর্বৃত্তায়ন রাষ্ট্রের অখণ্ডতা ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়’’।

সেনাপ্রধান বলেন, ‘‘ভাগ্যের নির্মম পরিহাস, গত ৩৬ বছরে আমরা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যের পাশাপাশি দেশের সম্ভাবনাগুলোও উপলব্ধি করতে পারিনি। তবে আমার বিশ্বাস, এখনকার উত্তরণশীল পরিস্থিতিতে আমরা নতুন ধারণা নিয়ে এগুনোর সুযোগ পাব।”

নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে সেনাপ্রধান বলেন, সব ক্ষেত্রে নতুন নেতৃত্বের পরিচালনায় প্রশাসন ঢেলে সাজানো প্রয়োজন’’।

তিনি আরো বলেন, ‘‘তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটি অরাজনৈতিক। তবুও আমাদেরকে এই বাস্তবতা মেনে নিতে হচ্ছে দুর্বল শাসনব্যবস্থা এবং দুর্নীতির কারণে। এই দুর্নীতি আমাদের সমাজকে কলুষিত করেছে’’।

সেমিনারে মইন উ আহমেদ দেশে একটি ভারসাম্যপূর্ণ সরকারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘‘রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। এজন্য এমন একটি রাজনৈতিক পদ্ধতির প্রয়োজন হবে যেখানে কোনো পরিবারতন্ত্র থাকবে না’’।

এ প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, ‘‘দুর্বল শাসনব্যবস্থা আমাদের গণতান্ত্রিক রাজনীতিতে দৃশ্যমান না হলে দেশে এখন মাথাপিছু আয় ৪৮২ না হয়ে ৯২০ ডলারে পোঁছাত। আগামীতে তা রেকর্ড পরিমাণ বাড়ার সবরকম সম্ভাবনাই থাকত। কিন্তু এ লক্ষ্য এখনো জাতিকে অর্জন করতে হবে। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক রীতিনীতি একবার প্রতিষ্ঠা করা গেলেই সেটি অর্জন করা সম্ভব হবে।’’

সেমিনারে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতারা সেমিনারে উপস্থিত ছিলেন।

মইন উ আহমেদ তার বক্তব্যে বাংলাদেশে ৬ দশমিক ৭ শতাংশের জিডিপি বৃদ্ধি, ক্ষুদ্র ঋণের সাফল্য, স্বাক্ষরতার হার বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় উল্লেখ করে বলেন, আমাদের অবশ্যই নিজেদের সামাজিক ও অর্থনৈতিক দিক বিবেচনা করে নিজেদের মতো গণতন্ত্র গড়ে তুলতে হবে। যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্ববোধ থাকবে। থাকবে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য যথাযথ উন্নয়ন কৌশল।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বলেন, অর্থনৈতিক ও গণতান্ত্রিক উন্নয়নের জন্য জাতীয় সংসদসহ অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও অর্থবহ করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন এবং যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড জিল্লুর রহমান খানও বক্তৃতা করেন।