মহিউদ্দিন ঘাতকদের একজন: সজীব ওয়াজেদ জয়
যাকে বাঁচানোর চেষ্টা চলছে, সে ১০ বছর বয়সী একটা ছেলের ঘাতক। একজন ঠাণ্ডা মাথার খুনী। কথাগুলো ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি সজীব ওয়াজেদের। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। একেএম মহিউদ্দিন আহমেদ প্রসঙ্গে কথাগুলো বলেছেন সজীব।
বঙ্গবন্ধু ও তার পরিবারের সাতজন সদস্যের হত্যার সঙ্গে জড়িত থাকার দায়ে ১৯৯৬ সালে অভিযুক্ত করা হয় ৬০ বছর বয়সী মহিউদ্দিনকে। বিচারে তার অনুপস্থিতিতেই তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের আদালত শাস্তির মুখোমুখি হতে তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে।
সেই সামরিক অভ্যুথানের সময় মেজর পদমর্যাদার ছিলেন মহিউদ্দিন। দাবি করছেন, সেদিন মুজিবের বাড়ির মাইলখানেক দূরে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরির দায়িত্ব ছিল তার। ভেবেছেন মুজিবকে শান্তিপূর্ণ উপায়ে গ্রেপ্তার করা হবে। এক লিখিত বিবৃতিতে তিনি বলেছেন, “আমি এবং অন্যরা ভেবেছি আমরা আইনগত নির্দেশই পালন করছি। কোনো পর্যায়েই আমি বা আমার অনুগত সৈন্যরা কেউ কোনো ধরনের রক্তারক্তিতে জড়িত ছিলাম না।”
কিন্তু সজীব ওয়াজেদ বলছেন ভিন্ন কথা। তার দাবি, মুজিব ও তার পরিবার হত্যায় রীতিমতো গুলি ছুঁড়ে অংশ নিয়েছেন মহিউদ্দিন। শুক্রবার লস অ্যাঞ্জেলস টাইমসকে এক টেলিফোন সাক্ষাতকার দিয়েছেন সজীব। বলেছেন,“এটা স্রেফ একটা রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। এটা ছিল গা শিউরানো এক খুনোখুনি।”
শেখ মুজিবের সেই বাড়ি এখন জাদুঘর, সারা বাড়ির দেওয়ালে এখনও গুলির গর্ত আর রক্তের দাগ। সজীবের দাবি, হত্যাকাণ্ডের সময় সেখানে উপস্থিত অনেকেই বলেছেন নিরাপত্তা রক্ষীদের হত্যা করে বাড়ির ভেতরে ঢোকা একটি সেনাদলের সঙ্গে মহিউদ্দিনও ছিলেন। সেনারা তার নানাকে সিঁড়ির ওপর হত্যা করে। এরপর পরিবারের বাকি সদস্যদের বিছানা থেকে ঘুম ভাঙ্গিয়ে টেনে তুলে গুলি করে মারে। সজীব জানিয়েছেন, মৃতদের মধ্যে তার অন্তঃসত্ত্বা মামী (সুলতানা কামাল), নানী এবং ১০ বছর বয়সী শেখ রাসেলসহ তিন মামা ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সজীব বলেছেন, রাসেল যখন কাঁদছিলেন, প্রাণভিক্ষা চাইছিলেন, তখন একজন সেনা কর্মকর্তা তাকে নিচতলায় নিয়ে লুকিয়ে রাখেন। কিন্তু তখন আরেকজন অফিসার বলেন, “এই ছেলে বড় হয়ে সাপ হবে, আমাদের সবাইকে মেরে ফেলবে।” তখন মহিউদ্দিন আরেক সঙ্গীকে নিয়ে নিচে যান এবং রাসেলকে গুলি করে মারেন। সজীবের ভাষায়, “সে শুধু ওই নৃশংসতায় অংশই নেয়নি, অল্পবয়সী একটা শিশুকে নিজে গুলি করে মেরেছে।”
এদিকে মহিউদ্দিনের ছেলে রুবেন মহিউদ্দিন তার বাবাকে বাঁচাতে সরব প্রচারণায় নেমেছেন। তার মতে, অভ্যুত্থানে নিরীহ লোকজনকে হত্যা অবশ্যই দুঃখজনক। কিন্তু তার বাবা সেদিন “গোলাগুলির জায়গা থেকে মাইল খানেক দূরে ছিলেন।” তিনি বলেছেন, “রাষ্ট্রপতির বাড়িতে সেই রাতে আসলে কি ঘটেছে তা জানি না, কারণ আমি সেখানে ছিলাম না। আমার বাবাও ছিলেন না। ঊনি নির্দোষ।”
মহিউদ্দিনের পরিবার এবং আইনজীবী জোসেফ স্যান্ডোভাল উঠে পড়ে লেগেছেন যাতে বাংলাদেশের বদলে তৃতীয় কোনো দেশে তাকে পাঠানো হয়। তাদের তৎপরতা হালে পানি পেয়েছে গত বৃহস্পতিবার। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল কোর্ট মহিউদ্দিনের দেশে ফেরত পাঠানোর আদেশ কার্যকর করার তারিখ ১৬ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে। রুবেনের প্রতিক্রিয়া ছিল, “আমরা স্বস্তি পেয়েছি, কারণ এখন হাতে বেশকিছু সময় পাওয়া যাবে।”
সজীব ওয়াজেদ তার সাক্ষাতকারে জানান, ওই হত্যাকাণ্ডের সময় তার বয়স ছিল চার বছর। ছোট বোন ও বাবা-মায়ের সঙ্গে তিনি তখন জার্মানিতে ছুটি কাটাচ্ছিলেন। সজীব বলেছেন, মহিউদ্দিনকে দেশে ফেরত পাঠানো হলে তার পরিবার ও দেশ একটা শোকে সান্ত¡নার প্রলেপ পাবে। আর তাকে দেশে ফেরত পাঠানো আটকে দিলে কিংবা অন্য কোনো দেশে তাকে যেতে দেওয়া হলে, তা হবে ন্যায়বিচারের ভয়ঙ্কররকম অবমাননা।
সজীব পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেছেন, “আমার নিজের পরিবার খুন হয়েছে, আমি বুঝি স্বজনের মৃত্যু কেন কেউ চায় না। কিন্তু আমার ১০ বছর বয়সী মামার কি হবে? তার বিচার কে করবে? আমার অন্তঃসত্ত্বা মামীর খুনের বিচার কে করবে? কে করবে আমার নানীর হত্যার বিচার? বিছানা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তাদের যে খুন করা হলো, কী এমন করেছেন তারা যার জন্য এই শাস্তি তাদের পেতে হলো?”
