২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিভছে না সুন্দরবনের আগুন

সুন্দরবনের পঁচা কোড়ালিয়া এবং নাপিতখালী এলাকায় এখনো আগুন নিভেনি। বনের অন্তত পাঁচটি অংশে রোববার দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2007, 11:35 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

সুন্দরবনের প্রধান বন সংরক্ষক ওসমান গণি রোববার সাংবাদিকদের বলেন, বৃষ্টি ছাড়া সুন্দরবনের আগুন নেভানো কঠিন। এভাবে চললে আগুন নিভতে আরো পাঁচ-সাত দিন লেগে যাবে।

পচা কোড়ালিয়া ও নাপিতখালী বিলের আগুন দেড় মাইল দূরের একটি খাল থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মী, তিন শতাধিক গ্রামবাসী এবং বন বিভাগের কর্মীরা। তবে খাল থেকে পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। শনিবার পূর্ণিমা থাকায় আগুন নেভানোর জন্য কিছু পানি পাওয়া গেলেও রোববার খালে পানি ছিল অনেক কম।

আগুনের ক্ষতি নিরুপনে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রধান বন সংরক্ষক ওসমান গণি রোববার বিকেলে সাংবাদিকদের জানান, আগুনে দশ/বারো একরের মতো বনভূমি পুড়ে গেছে।

অবশ্য উপস্থিত সাংবাদিকরা এ সময় ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি দাবি করলে তিনি স্বীকার করেন বিষয়টিতে তার পরিষ্কার ধারণা নেই।

রোববার দুপুরে বাগেরহাটের রাজাপুর শরণখোলা উপজেলার রাজাপুর প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় গ্রামবাসীদের অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতন করা হয়। এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক, সুন্দরবনের প্রধান বন সংরক্ষক উপস্থিত ছিলেন।

শনিবার পূর্ণিমা থাকায় জোয়ারের সময় ঘটনাস্থল থেকে প্রায় দেড় মাইল দূরে আব্দুল্লার ছিলায় (খালে) মরাভোলা নদীর পানি আটকে সেই পানি পাম্পের মাধ্যমে ঘটনাস্থলে নেয়া হয়েছিল।

প্রসঙ্গত সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের শুকিয়ে যাওয়া পচা কোড়ালিয়া বিলে গত ১৯ মার্চ আগুন জ্বলতে দেখা যায়। ২৭ মার্চ আগুন ধরে পার্শ্ববর্তী নাপিতখালি বিলে।

আগুনে বনের বিশাল এলাকা জুড়ে সুন্দরী গাছসহ সিংড়া, বলা, কেয়াকাটা, নোনা ঝাউ ইত্যাদী বিভিন্ন গাছ ও লতা-গুল্ম পুড়ে গেছে।

সুন্দরবন বিভাগের বন সংরক্ষক শেখ মিজানুর রহমান এবং সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম শহিদুল ইসলাম জানান, তাদের নেতৃত্বে বনকর্মীরা ২১ মার্চ পচা কোড়ালিয়া বিলের আগুন নিভিয়ে ফেলেছিল। এরপর ২৩ মার্চ আবার ওই এলাকায় আগুন দেখা গেলে আবারও নেভানো হয়। কিন্তু ২৭ মার্চ পার্শ্ববর্তী নাপিতখালি বিলে আবার আগুন দেখা যায়।