রাজশাহীতে গৃহবধূ খুন
রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর এলাকায় শনিবার রাতে এক গৃহবধূকে বিষাক্ত ট্যাবলেট খাইয়ে তার স্বামী হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত গৃহবধূর নাম মেহেরনেগার। তার বাড়ি ভাটিয়া এলাকায়। ঘাতক স্বামী মাহাবুল স্ত্রীর মৃত্যুর পর পরই পালিয়ে গেছেন।
এ ঘটনায় নিহতের ভাই জামালউদ্দিন বাদী হয়ে মাহাবুলকে আসামী করে রোববার বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাঘা থানা পুলিশ জানিয়েছে, প্রায় দেড় বছর আগে মাহাবুল ভাটিয়া এলাকার মেহেরনেগারকে বিয়ে করেন। মাহাবুলের আরও এক স্ত্রী থাকায় দ্বিতীয় স্ত্রী মেহেরনেগারকে তিনি প্রায়ই মারধর করতেন। শুক্রবার ওই গৃহবধূ হঠাৎ অসুস্থ হয়ে তার বাপের বাড়ি চলে যান। আর এতেই ক্ষিপ্ত হয়ে মাহাবুল শনিবার সন্ধ্যায় তার এক বন্ধুর মাধ্যমে স্ত্রীর জন্য রোগের ওষুধের নাম করে একটি বিষাক্ত ট্যাবলেট পাঠায়। ওই ট্যাবলেট খেয়েই মেহেরনিগার মারা যান।
মারা যাওয়ার আগে মুমূর্ষু অবস্থায় তাকে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও বিষক্রিয়া মাত্রা ছাড়িয়ে যাওয়ায় তাকে বাঁচানো যায়নি।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানিয়েছেন, মেহেরনেগারকে তার স্বামী পরিকল্পিতভাবে হত্যা করেছে। রোববার দুপুরে তার লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
