চাঁপাইনবাবগঞ্জে দেড় কোটি টাকার ভিওআইপি সরঞ্জাম জব্দ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভিওআইপি সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুজন।
রোববার দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেওয়ান মো. আব্দুস সামাদের নেতৃত্বে বিডিআর ও র্যাব এ অভিযান চালায়।
বাংলাদেশ রাইফেলস ৩৯ ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর একরামুল হক জানান, বন্দর এলাকায় সিএন্ডএফ ব্যবসায়ী বাবুল ইসলামের তিন তলা ভবনে ভিওআইপি ব্যবসা চলার খবর পেয়ে সকাল ১০টায় তারা ভবনটি ঘিরে ফেলে।
পরে দুপুরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব-৫ রাজশাহীর একটি দল ও বিডিআর যৌথভাবে অভিযান চালায়।
এ সময় ভবন থেকে ১১০টি ওয়ারলেস ভ্যালু টেলুলার, পাঁচটি কুইন্টাম ও ওয়ারলেস লোকাল লুপ, একটি গেটওয়ে, একটি কম্পিউটার, একটি ভি স্যাট, তিনটি জেনারেটর, একটি মডেমসহ বিভিন্ন কোম্পানির বিপুল সংখ্যক সিম কার্ড জব্দ করা হয়।
অভিযানে জুয়েল ও মিঠু নামে দু কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।
এরা জানান, গত বছরের জুলাইয়ে তারা এ ব্যবসা শুরু করে। মাহবুবুল আলম শিশির তাদের মালিক। তার বাড়ি বগুড়া জেলার সান্তাহারে। বর্তমানে সে ঢাকায় আছে।
এদিকে ভবনের মালিক সিএন্ডএফ ব্যবসায়ী বাবুল ইসলাম জানিয়েছেন, গত বছর জুলাই মাসে তার ভবনের তৃতীয় তলা ভাড়া নেয় মাহবুবুল আলম শিশির। বৈধ ব্যবসা করবে বলে অঙ্গীকার করে সে চুক্তিপত্রে স্বাক্ষর করে।
