কোটচাঁদপুরের হুন্ডি কাজল এখন গৃহবন্দী
হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার পর ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার হুন্ডি ব্যাংক প্রধান ফারুক আহমেদ কাজল, ওরফে হুন্ডি কাজলকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তার সলেমানপুরের বাড়িতে গৃহবন্দী করে রেখেছে।
ডিবি পুলিশ জানিয়েছে, নিরাপত্তা জনিত কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাইকোর্টের নির্দেশে শুক্রবার সকালে ঝিনাইদহ জেলা কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইকবাল আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “কাজলের এজেন্টরা বা অর্থলগ্নিকারীরা তাকে হত্যা করতে পারে, এই আশঙ্কায় তাকে গৃহবন্দী করা হয়েছে। এ ছাড়া তার ভারতে পালিয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে বলে আমরা খবর পেয়েছি।”
তিনি জানান, সোমবার তাকে আবারও ঝিনাইদহ আদালতে হাজির করা হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় একটি সূত্র জানায়, কোটচাঁদপুরের সলেমানপুরের বইয়ের দোকানদার কাজল ১৯৯৩ সালে হুন্ডি ব্যাংক খুলে বসেন। প্রতিমাসে এক লাখ টাকায় ১২ হাজার টাকা মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে জনগণের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেন। এর মধ্য দিয়ে গড়ে ওঠে হুন্ডি কাজলকেন্দ্রিক কয়েকশ এজেন্ট ও সুবিধাভোগী প্রতারক চক্র। রাস্তার ধোপারাও হুন্ডি কাজলের বদৌলতে কোটিপতি বনে যায়।
২০০০ সালের মে মাসে কয়েক হাজার লগ্নিকারী কাজলের ও তার শীর্ষ কয়েকজন এজেন্টের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পতন ঘটে কাজলের কথিত হুন্ডি ব্যাংকের। এসময় থেকে তিনি ঝিনাইদহ কারাগারে আটক ছিলেন। অর্থলগ্নিকারীদের টাকা ফেরত দিতে না পারায় ২০০১ সালের ডিসেম্বরে সিআইডি তদন্ত শেষে কাজল, তার এজেন্ট ও সুবিধাভোগীসহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
