নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্ততঃ ৩০ জন আহত হয়েছে। জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে রোববার সকাল ১১ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২৫ জনকে আটক করেছে।
এলাকাবাসী ও লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকালে রায়গ্রামের সাবু সরদার একই গ্রামের করিম শেখের জমির মধ্য দিয়ে পানি নিতে চাইলে দু জনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রোববার সকালে রায়গ্রাম বাজারে দুই গ্রুপের মধ্যে আবারও কথা কাটাকাটি ও পরে এক পর্যায়ে উভয়পক্ষ দা, কুড়াল, লাঠি, সড়কি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী এই সংঘর্ষে সাবু সরদার গ্রুপের চুন্নু মিয়া (৪০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় আরও ৩০ জন। আহতদের লোহাগড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
