মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে রোববার সকাল পৌনে ৯টায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৭/৮ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্তরা দোকানিরা জানিয়েছেন।
শ্রীনগর থানার এসআই মো. মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
ঢাকার পোস্তগোলা ও মুন্সীগঞ্জ দমকল বাহিনীর দুটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মুন্সীগঞ্জ দমকল বাহিনী কার্যালয়ের স্টেশন কর্মকর্তা আবুল হাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, আগুনে নয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় সাত লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে বাজারের তুলার একটি কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের বিস্কুটের কারখানা, রড সিমেন্ট, ওষুধ, রং, মনোহরী দোকানসহ বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে।
