টেলিনরের সাড়া না পেয়ে হতাশ ইউনূস
গ্রামীণফোনের বেশিরভাগ মালিকানা পেতে মুহাম্মদ ইউনূসের আশা হতাশায় পরিণত হয়েছে।
মোবাইল ফোন কোম্পানিটির বেশিরভাগ শেয়ারের মালিক টেলিনর ইউনূসকে সাফ জানিয়ে দিয়েছে, তার মালিকানাধীন গ্রামীণ টেলিকমের কাছে গ্রামীণফোনের বেশিরভাগ শেয়ার বিক্রি করবে না তারা।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, নরওয়ের রাজধানী অসলোর কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার টেলিনরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে গ্রামীণফোনের ব্যাপারে তাদের (টেলিনর) এই অবস্থানের কথা জানতে পারেন মুহাম্মদ ইউনুস।
বৈঠক থেকে বেরিয়ে ইউনূস সাংবাদিকদের বলেন “আমি হতাশ”। তিনি বলেন, “আমি আশা করেছিলাম বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। এ নিয়ে সংবাদমাধ্যমেও আমি কথা বলেছি। কিন্তু পরিস্থিতি বদলায়নি।”
গ্রামীণফোনের মালিকানার ক্ষেত্রে টেলিনরের অবস্থান নিয়ে কোনো আইনি জটিলতা নেই। তাদের শেয়ারের পরিমাণ ৬২ শতাংশ। টেলিনরের মতে, “২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনুসের সঙ্গে টেলিনরের দ্বন্দ্বের বিষয়টি প্রচারমাধ্যমে অনাকাঙ্খিত গুরুত্ব পেয়েছে।”
ইউনূসকে ‘ব্যবসায়ী’ আখ্যা দিয়ে টেলিনর বলছে, গ্রামীণফোনকে সামাজিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাচ্ছেন ইউনূস যার বাস্তব কোনও ভিত্তি নেই।
গ্রামীণফোন পরিচালনায় গ্রামীণ টেলিকমের যোগ্যতা নিয়েও টেলিনর প্রশ্ন তুলেছে।
টেলিনরে উপপ্রধান নির্বাহী আর্ভ ইউহানসেন এক বিবৃতিতে বলেন, “প্রতিষ্ঠানটির ভবিষ্যত উন্নয়ন এবং প্রযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য পেশাদার লোকদের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হওয়া প্রয়োজন।”
গ্রামীণফোনের মালিকানার দাবি নিয়ে এই প্রথম আনুষ্ঠানিকভাবে ইউনূসকে আক্রমণ করলেন টেলিনর কর্মকর্তারা।
ইউহানসেন বলেন, “গ্রামীণফোনের সফলতায় সহযোগিতা করার জন্য ইউনূসকে আমরা পুরোপুরি স্বীকৃতি দিচ্ছি। তবে এর ব্যবস্থাপনা ও উন্নতিতে টেলিনর জড়িত না হলে গ্রামীণফোন কোনভাবেই বাজারের নেতৃত্বে আসতে পারত না।”
গ্রামীণ ফোনের যাত্রা শুরুর সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৯৭ সালে অত্যন্ত ঝুঁকি নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করেছিল টেলিনর। কিন্তু বর্তমানে গ্রামীণফোন অত্যন্ত জনপ্রিয়। দেশের মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মানুষ (১৩ কোটি) এর আওতায় রয়েছে। এটি সবচে বড় করদাতা প্রতিষ্ঠান বলেও তিনি দাবি করেন।
টেলিনরের দ্বিতীয় প্রধান ব্যক্তি বলেন, গ্রামীণফোনের পল্লী ফোন গ্রাহকদের এখন গ্রামে ব্যবসা করতে প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে। তিনি বলেন, “এটা বরং একটি শক্তিশালী বেসরকারি অর্থনীতির প্রতীক।”
তিনি জানান, গ্রামীন ব্যাংকের গ্রাহকদের জন্য কমিউনিটি তথ্য কেন্দ্র (সিআইসি) প্রতিষ্ঠার মাধ্যমে বিকল্প আয়ের উপায় তৈরি করেছে টেলিনর। ২০০৬ সালে গ্রামীনফোন ৫০০টি সিআইসি প্রতিষ্ঠা করেছে অথবা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট সেবার ব্যবস্থা করেছে বাংলাদেশে।
আর্ভ ইউহানসেন বলেন, গ্রামীনফোনকে ৩৩০ কোটি ডলারের বিনিময়ে গ্রামীণ ব্যাংকের গরিব মহিলাদের কাছে হস্তান্তর করার কথা ডাগব্লাডেটের পত্রিকার (নরওয়েজিয়ান পত্রিকা) পক্ষে বলা সহজ। কিন্তু প্রতিষ্ঠানটি হস্তান্তরের পর তার প্রতিযোগিতামূলক বাজার হারাতে পারে বলে আমরা শঙ্কিত।
এমনকি ইউনুস দায়িত্ব নিলে গ্রামীণফোনের ব্যবসায় ধস নামার ব্যাপারে তিনি শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন,“টেলিনর গ্রামীণফোনের মালিকানা ছেড়ে দিলে তাতে বাংলাদেশের গরিব মহিলাদের কতটুকু লাভ হবে সে বিষয়ে আমি নিশ্চিত নই।”
তিনি বলেন, টেলিনর তার অংশীদারের সঙ্গে গঠনমূলক আলোচনায় আগ্রহী, তবে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য প্রস্তাবের ওপরই সমস্যা সমাধানের বিষয়টি নির্ভর করছে।”
