ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সিঙ্গারবিল গ্রামে শনিবার বিকেলে আফরোজা বেগম (৬৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই কাদের সিদ্দিকী জানান, একটি কাঠাল গাছের মালিকানা নিয়ে শনিবার দুপুরে প্রতিবেশী বাচ্চু মিয়ার সঙ্গে আফরোজা বেগমের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে বাচ্চু মিয়া ও তার সহযোগীরা গাছের ডাল দিয়ে বিধবা আফরোজা বেগমকে বেধরক পিটুনি দেয়।
গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
