ফরিদপুরে পুড়ে মারা গেছে দুই শিশু
আলফাডাঙ্গার বুড়াইচ ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে শুক্রবার রাতে এক ভয়াবহ আগুনে দুই শিশু পুড়ে মারা গেছে। এরা হলো-আইউব আলীর ছেলে সাব্বির (৩) ও সেকেন্দার আলীর মেয়ে আদরী (৭)।
এ ঘটনায় সেকেন্দার আলী (৪০), তার স্ত্রী আনোয়ারা (৩০) ও মেয়ে ইতি (২) আহত হয়েছে। তারা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের কাশেম আলীর অপ্রকৃতিস্থ মেয়ের হাত থেকে ঘরে আগুন লাগার পর তা আশপাশে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে ৪৪টি ঘর পুড়ে যায়। আগুনে ১৫টি ছাগল ও তিন শতাধিক হাঁস-মুরগিও পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
বোয়ালমারী থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এসে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আলফাডাঙ্গা থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই আওলাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
