রাজশাহীতে সেনা সদস্য আটক
নিষিদ্ধ সম্পর্কের অভিযোগে নগরীর শিরইল এলাকার একটি বাসা থেকে শনিবার এলাকাবাসী এক সেনা সদস্য ও এক নারীকে আটক করে বোয়ালিয়া থানা পুলিশের হাতে তুলে দিয়েছে।
শিরইল এলাকাবাসী শনিবার বেলা সাড়ে ৪টায় বাসাটি ঘিরে ফেলে পুলিশকে খবর দেয়। এরপর বোয়ালিয়া থানা পুলিশের একটি দল কর্পোরাল মো. খলিলুর রহমান ও রীতাকে আটক করে থানায় নিয়ে আসে।
বোয়ালিয়া থানার এসআই মঞ্জুর রহমান জানান, কর্পোরাল খলিলুর রহমান রাজশাহী ক্যান্টনমেন্টে কর্মরত।
শনিবার দুপুরে তিনি শিরইল এলাকার একটি বাসায় নাটোরের রীতার সঙ্গে অসামাজিক কাজ করার সময় এলাকাবাসী পুলিশকে জানায়।
গ্রেপ্তারকৃত রীতার বরাত দিয়ে এসআই মঞ্জুর জানান, মোবাইল ফোনে যোগাযোগ করে রীতাকে ওই বাসায় যেতে বলেছিলেন খলিলুর রহমান।
কর্পোরাল ও রীতার বিরুদ্ধে আরএমপি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
