খালেদের ফাঁসিতে খুশি পিরোজপুরবাসী
জেএমবির শীর্ষ জঙ্গি খালেদ সাইফুল্লাহর বড় ভাই বেলায়েত হোসেনের দাবি, তার ভাইয়ের ‘শহীদী মৃত্যু’ হয়েছে। অবশ্য এলাকাবাসী কেউই এমনটি মনে করেন না। তারা বরং শীর্ষ জঙ্গিদের সঙ্গে ফাঁসি কার্যকর করায় খুশি।
খালেদ সাইফুল্লাহ ওরফে ফারুক হোসেনের শেষ ইচ্ছা অনুয়ায়ী ফাঁসি কার্যকর হওয়ার সময়কার পোশাকেই রক্তাক্ত অবস্থায় তাকে মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় দিকে খালেদের জানাজা পড়ান তার বড় ভাইয়ের শ্যালক শেখেরহাট কলেজের প্রভাষক হাফেজ মাওলানা ইলিয়াস।
ভাইয়ের ফাঁসিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বেলায়েত হোসেন বলেন, “আমার ভাইয়ের ‘শহীদী মৃত্যু’ হয়েছে। তাই আমি আনন্দিত। সরকারের বিচার প্রক্রিয়া নিয়ে তাই কোনো ক্ষোভ নেই।”
তবে স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির জানিয়েছেন, খালেদ সাইফুল্লাহর জন্য আমাদের এলাকার দুর্নাম হয়েছে। তার ফাঁসিতে এলাকাবাসী খুশি।
গোয়ালতা গ্রামের যুবক ফারুক হোসেন আক্ষেপ করে বলেন, “নামের মিল থাকার জন্য আমাকেও দীর্ঘদিন পালিয়ে বেড়াতে হয়েছে।”
ফাঁসি কার্যকর করার পর শীর্ষ জঙ্গি খালেদ সাইফুল্লাহর লাশ শুক্রবার সকাল পৌঁনে ৮টার দিকে তার গ্রামের বাড়ি পিরোজপুরের কাউখালীর গোয়ালতায় নিয়ে আসা হয়।
২০০৩ সালের ১৩ ফেব্র“য়ারি দিনাজপুরের কোতয়ালি থানার গুড়গোলা এলাকায় একটি মাদ্রসায় বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত খালেদকে একবার গ্রেপ্তার করা হয়েছিল। এ সময় জঙ্গি তৎপরতার সঙ্গে তার জড়িত থাকার কথা প্রকাশ পায়। ওই মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর সিরিজ বোমা হামলা ও বিচারক হত্যায় অংশ নেওয়ায় ২০০৬ সালের ২৬ এপ্রিল চট্টগ্রাম থেকে আবার তাকে গ্রেপ্তার করা হয়।
