গাজীপুরে জঙ্গি হামলায় নিহতদের স্বজনরা গডফাদারদেরও বিচার চান
জেএমবি’র ছয় শীর্ষ নেতার ফাঁসি কার্যকর হওয়ায় জেলায় জঙ্গি হামলায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। তবে জঙ্গিদের গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে থাকায় কেউ কেউ প্রকাশ করেছেন আক্ষেপও।
২০০৫ সালের ২৯ নভেম্বরের বোমা হামলায় নিহত জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমজাদ হোসেনের স্ত্রী ফাতেমা বেগম এখনও সেদিনের স্মৃতি ভুলতে পারেননি। শুক্রবার দুপুরে বাসায় গিয়ে দেখা যায় তিনি শয্যাশায়ী।
তিনি বলেন, “এ দিনটির জন্য প্রায় দেড় বছর ধরে অপেক্ষা করছি। আমার স্বামী যেভাবে কষ্ট পেয়ে মরেছে আমি আশা করেছিলাম জঙ্গিদেরও সেভাবে মৃত্যু হবে।”
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত সরকার যেভাবে জঙ্গিদের জামাই আদরে রেখেছিল তাতে বিচারের আশাই ছেড়ে দিয়েছিলাম। জঙ্গিদের ফাঁসির রায় কার্যকর করার জন্য তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।”
একই দিন নিহত হন কালিয়াকৈর উপজেলার টালাবহ গ্রামের অ্যাডভোকেট আনোয়ারুল আজম। তার বৃদ্ধা মা শরিফা বেগম জঙ্গিদের ফাঁসির রায় শুনে বলেন, “এতদিনে আমার ছেলের আত্মা শান্তি পাবে।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার মাসে জঙ্গিদের ফাঁসি হওয়ায় আমি খুশি।”
গাজীপুর শহরের শিমুলতলি চত্বর এলাকার নিহত আইনজীবী মোহাম্মদ নূরুল হুদার বড় বোন নূরজাহান বলেন, “জঙ্গিদের মদদদাতারা এখনো ধরাছোঁয়ার বাইরে আছে বলে এই ঘটনায় পুরোপুরি সন্তুষ্ট হতে পারিনি। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও জঙ্গি ধরা পড়ছে। এ অবস্থায় নিজেদের নিরাপদ মনে হচ্ছে না।”
২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর আদালত প্রাঙ্গণে বোমা হামলায় নিহত হন জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমজাদ হোসেন, আনোয়ারুল আজম, গোলাম ফারুক, মোহাম্মদ নূরুল হুদা, আব্দুুর রব, মো. বশির উদ্দিন, শামসুল হক, মর্জিনা বেগম ও হামলাকারী শাকিল।
এছাড়া ১ ডিসেম্বর নিহত হন উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম সরকার।
