চট্টগ্রামে এসিডে ঝলসে গেছে গৃহবধু
নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের ছোঁড়া এসিডে ঝলসে গেছে রাশেদা আক্তার (৩৫) নামে এক গৃহবধুর শরীর।
এসিডদগ্ধ রাশেদা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মেয়ের বিয়ে সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনার সময় জামাতার ভাইপো আক্তার হোসেন তাঁকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে।
তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৭ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। এসিডে তার ঘাড় ও বুকের একাংশ ঝলসে গেছে। তার বাড়ি গাইবান্ধায়। স্বামী আবুল কালাম আজাদ পেশায় কাঠমিস্ত্রী।
রাশেদা নফহবংি২৪.পড়স কে বলেন, প্রায় সাত মাস আগে তাঁর গার্মেন্টস শ্রমিক মেয়ে আঞ্জুমান আরা বেগমের সঙ্গে যশোরের মনির হোসেনের বিয়ে হয়। ছেলেটির দাবি মেনে বিয়েতে ৫০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়েছিল। কিন্তু বিয়ের পর শ্বশুর পক্ষের লোকজন আরও টাকা দাবি করে মেয়েকে বাপের বাড়ি ফেরত পাঠায়।
বৃহস্পতিবার রাতে মেয়ের জামাই মনিরের ভাইপো আক্তার হোসেন ও মোক্তার হোসেন বিষয়টি মীমাংসার জন্য রাশেদাকে বাড়ির পাশে ডেকে নেয়। কথাবার্তার এক পর্যায়ে আক্তার এসিড ছুঁড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে পাঁচলাইশ থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা এসআই আতিকুর রহমান ও জিআরপি থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মোরশেদা বেগম উভয়ই ঘটনাটি নিজেদের এলাকায় ঘটেনি বলে দাবি করেন এবং বিষয়টি তাদের আওতাভুক্ত নয় বলে জানান। তাই কোনো থানাতেই মামলা নেওয়া হয়নি।
