অতি দ্রুত স্বামী হত্যার বিচার পাওয়ায় সন্তুষ্ট জ্যোতি পাঁড়ে
জঙ্গিদের ফাঁসি কার্যকর করার খবরে সন্তোষ প্রকাশ করেছেন ঝালকাঠীর নিহত বিচারক জগন্নাথ পাঁড়ের স্ত্রী জ্যোতি পাঁড়ে।
তাঁর প্রতিক্রিয়া জানার জন্য সকাল থেকেই বরিশালের সাংবাদিকরা তাঁর বাড়িতে ভিড় জমান। বেলা সাড়ে ১২টার দিকে তিনি বলেন, “আমি সুবিচার পেয়েছি। যেদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যাকাণ্ডের বিচার এখনও হয়নি সেখানে অতি দ্রুত আমি স্বামী হত্যার বিচার পেলাম।”
তিনি জানান, সকাল ৭টার দিকে জঙ্গিদের ফাঁসির খবরটি পেয়েছেন এক কাকার কাছ থেকে। এরপর তিনি স্বামীর ছবিতে প্রণাম করে পূজা দিয়েছেন।
এসময় পাশে বসে থাকা জ্যোতি পাঁড়ের বাবা মুকুল মুখার্জী বলেন, জঙ্গিদের ফাঁসি হওয়ায় তিনিও খুশী। তবে তাঁর দাবি, এর পেছনে যারা কলকাঠি নেড়েছেন, মদদ দিয়েছেন যারা এবং যাদের নাম বিভিন্ন সময়ে গণমাধ্যমে উঠে এসেছে যথাযথ তদন্ত করে তাদের বিরুদ্ধেও যেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
