মামুনকে দুই সপ্তাহের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ
২৭ মার্চ গুলশান থানায় দায়ের করা আলাদা দুইটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে গিয়াসউদ্দিন আল মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে ১৪ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দুটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার সাব ইন্সপেক্টর ফারুক হোসেন রিমান্ড আবেদন করেন।
মহানগর হাকিম সেলিনা আক্তার মামুনের চলমান পাঁচ দিন রিমান্ড শেষে আদালতে তার উপস্থিতিতে এই আবেদন শুনানির জন্য দিন ধার্য করেন।
মামুন বর্তমানে বেআইনী অস্ত্র ও গুলি রাখার অভিযোগে ৫ দিনের রিমান্ডে রয়েছেন।
এদিকে তারেক রহমানকেও একটি চাঁদাবাজির মামলায় গিয়াসউদ্দিন মামুনের সঙ্গেই বৃহস্পতিবার গ্রেপ্তার দেখানো হয়েছে।
পঞ্চগড়ের মার্শাল ডিস্টিলারিজের মালিক ও তারেক--মামুনের ঘনিষ্ঠ বলে পরিচিত হারুন ফেরদৌসী ৮১ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ২৭ মার্চ গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় আসামি করা হয় তারেক রহমান, গিয়াস উদ্দিন আল মামুন, খাম্বা লিমিটেডের বাবুল কাজী, ওয়ান কম্পোজিট মিলসের পরিচালক এনামুল হক মামনী এবং রহমান নেভিগেশনের ম্যানেজার গিয়াসউদ্দিন কাইয়ুমকে।
একই দিন গুলশানের রেজা কনস্ট্রাকশনের মালিক মো. আফতাবউদ্দিন ১ কোটি ৩২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামুন, ও বিএনপির সাবেক সাংসদ খায়রুল কবির খোকন, ওবায়দুল কাদের সোহেল, মামুনের একান্ত সচিব কামরুজ্জামান মাহবুব হাবলু এবং মোটা তারেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
