সাক্ষী না মিললেও দুর্নীতি মামলা পরিচালনায় সমস্যা হবে না: এমএ মতিন
দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলাগুলোর কোনো সাক্ষী পাওয়া না গেলেও মামলা পরিচালনায় কোন সমস্যা হবে না বলে জানিয়েছেন গুরুতর অপরাধ দমন জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান ও যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এমএ মতিন।
বৃহস্পতিবার সাংবাদিকদের এমএ মতিন, “যাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে বা হচ্ছে, সবগুলোই করা হয়েছে তথ্য--প্রমাণের ভিত্তিতে। তাই কোনো সাক্ষী পাওয়া না গেলেও এসব মামলা প্রমাণে কোন সমস্যা হবে না।”
তিনি জানান, বুধবার সেনানিবাসে অনুষ্ঠিত জাতীয় সমন্বয় কমিটির সভায় দুর্নীতির অভিযোগ ও মামলার প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়েছে। সেখানে অভিযোগ ও মামলাগুলো গতি--প্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মামলা পরিচালনায় যেন কোন সমস্যা না হয় সেজন্য বিভিন্ন আইনজীবীদের নিয়ে মামলা পরিচালনা কমিটি করা হয়েছে।
উপদেষ্টা এমএ মতিন জানান, টাস্ক ফোর্সের সহায়তায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে ১২টি অভিযোগের প্রমাণ পাওয়ার পর মামলা দায়ের করেছে। দুদক বর্তমানে আরো আটটি অভিযোগ নিয়ে কাজ করছে। এর বাইরে টাস্ক ফোর্স ছয়টি অভিযোগের অনুসন্ধান ও তদন্ত সম্পন্ন করেছে। টাস্ক ফোর্সের তদন্তাধীন অভিযোগগুলোর বেশিরভাগই হলো রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে। অচিরেই এসব অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হবে।
দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ না করা প্রসঙ্গে তিনি বলেন, জনমনে যেনো আতংক না ছড়ায় তাই নতুন করে কোন তালিকা প্রকাশ করা হবে না। তবে টাস্ক ফোর্স অভিযোগের ভিত্তিতে তদন্ত ও অনুসন্ধান অব্যাহত রেখেছে। কোনো অভিযোগ প্রমাণিত হলে সংশি¬ষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরসহ ব্যবস্থা নেওয়া হবে।
