২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটকাদেশ অবৈধ করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত

জরুরি অবস্থা চলাকালে দেওয়া আটকাদেশকে অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতুবি করেছে আপিল বিভাগ। এই সময় পর্যন্ত আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদার ও সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাসহ ৫৩ জনের আটকাদেশ অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 05:45 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

বৃহস্পতিবার প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের নেতৃত্বে গঠিত সাত বিচারকের আপিল বিভাগ পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেয়।

শুনানিতে অংশ নিয়ে সরকার পক্ষে এটর্নি জেনারেল ফিদা এম কামাল বলেন, “জন শৃংঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে কাউকে নিবারনমূলক আটকাদেশ দেওয়া হলে ফৌজদারি কার্যবিধির ৪৯১ (৩) ধারা অনুযায়ী কোন প্রতিকার পাওয়ার সুযোগ নেই। তাই হাইকোর্ট আটকাদেশ অবৈধ ঘোষণা করে সঠিক রায় দেয়নি।”

অপরদিকে আটক ওয়ার্ড কমিশনার কাইয়ুম খানের পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, “কাউকে যথাযথভাবে আটকাদেশ দেওয়া হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখার এখতিয়ার আদালতের রয়েছে।”

কামাল মজুমদারের পক্ষে অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার বলেন, “জরুরি অবস্থায় সংবিধানের মৌলিক অধিকার স্থগিত করা হয়নি বলে হাইকোর্ট যথাযথ রায় দিয়েছে।”

প্রসঙ্গত, জরুরি অবস্থা ঘোষণার দিন ১১ জানুয়ারি কামাল মজুমদার, ওয়ার্ড কমিশনার কাইয়ুম খান, প্রশিকার উপপরিচালক আবুল কাশেম পলাশ ও অ্যাডভোকেট পরিচালক আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে আটকাদেশ দেওয়া হয়।

হাইকোর্ট গত ২৬ ফেব্র“য়ারি তাদের আটকাদেশ অবৈধ ঘোষণা করে। ২৮ ফেব্র“য়ারি আপিল বিভাগ হাইকোর্টের রায় ৫ মার্চ পর্যন্ত স্থগিত করে। পরে দুই দফায় স্থগিতাদেশের মেয়াদ ২৯ মার্চ পর্যন্ত বাড়ানো যায়।

অন্যদিকে পরে বিএনপি ও আওয়ামী লীগের প্রায় অর্ধশত নেতা কর্মীকে গ্রেপ্তার করে আটকাদেশ দেয়া হয়। হাইকোর্ট সেসব আটকাদেশ একে একে অবৈধ ঘোষণা করল সরকার আপিল করে।