চাঁপাইনবাবগঞ্জে ৪ বিঘা পপি ক্ষেত ধ্বংস
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাট ইউনিয়নের রামচন্দ্রপুর হাট মৌজার একটি মাঠে প্রায় চার বিঘা পপি ক্ষেত ধ্বংস করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের টাস্কফোর্স।
বুধবার রাতে ম্যাজিস্ট্রেট খালেকুজ্জামানের নেতৃত্বে টাস্কফোর্স অভিযান চালিয়ে তিনটি পপি ক্ষেত ধ্বংস করে। অবশ্য এ সময় পপি চাষীকে গ্রেপ্তার করা যায়নি।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের পরিদর্শক আবু নাইম মো. নূরুন্নবী জানান, রামচন্দ্রপুর হাট মৌজার প্রায় চার বিঘা জমিতে আব্দুল মালেক নামে একজন পপি চাষ করে। এ খবর পেয়ে টাস্কফোর্স বুধবার রাত সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত অভিযান চালিয়ে পপিক্ষেতগুলো আগুন দিয়ে ধ্বংস করে।
এ ঘটনায় সদর উপজেলার রাণীহাট ইউনিয়নের চুনাখালী মিস্ত্রিপাড়া গ্রামের আব্দুল মালেককে আসামী করে মামলা দায়ের করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আবু নাইম জানান, পপির বীজ ভারত থেকে আনা হতে পারে। আব্দুল মালেককে গ্রেপ্তার করা গেলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
