২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত ভাংচুর মামলা খারিজের রায় সোমবার

সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনায় ড. কামাল হোসেনসহ শীর্ষ ১২ আইনজীবীর বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজের আবেদনের ওপর আগামী সোমবার আদেশ দেবে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 04:09 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুই পক্ষের শুনানি গ্রহণ করে বৃহস্পতিবার আদেশের এই দিন ধার্য করেন।

রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ গ্রহণের বৈধতা নিয়ে দায়ের করা রিটের শুনানি স্থগিতকে কেন্দ্র করে গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনা ঘটে।

এর প্রেক্ষিতে ওইদিনই সুপ্রিম কোর্টের কোর্ট কিপার নুরুল ইসলাম শাহবাগ থানায় ভাংচুরের মামলা দায়ের করেন। একই ঘটনায় গত ৪ ডিসেম্বর ব্যারিস্টার ওমর সাদাত সিএমএম আদালতে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহামুদসহ চার আইনজীবীর বিরুদ্ধে ভাংচুরের মামলা দায়ের করেন।

এ মামলায় গত ২১ ডিসেম্বর পুলিশ ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর--উল--ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার তানিয়া আমীরসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে।

একই ঘটনা নিয়ে দুইটি মামলা দায়ের করা যায়না এই যুক্তিতে গত ২১ মার্চ ড. কামাল হোসেনসহ ১২ আইনজীবী মামলা খারিজের আবেদন জানান।

এর ওপর শুনানিতে বৃহস্পতিবার সাবেক এটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম বলেন, “সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনায় কোর্ট কিপার মামলা করেন। এ ঘটনায় চারদিন পর ওমর সাদাত অপর মামলাটি করেন। ওই মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। একই ঘটনা নিয়ে দুইটি মামলার কার্যক্রম চলতে পারেনা।”

এ সময় আদালত কোর্ট কিপারের দায়ের করা মামলা কী পর্যায়ে আছে জানতে চাইলে ডেপুটি এটর্নি জেনারেল আবদুর রউফ বলেন, সেটি এখন তদন্তাধীন।