সন্তু লারমার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক
শান্তি চুক্তিসহ পার্বত্য চট্টগ্রামের নিষ্পত্তি না হওয়া বিষয়গুলো বাস্তবায়নের জন্য বর্তমান সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, “শান্তি চুক্তি বাস্তবায়ন এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের বেশ কিছু বিষয় এখনও নিস্পত্তি হয়নি। এ বিষয়গুলো বাস্তবায়নের জন্য বর্তমান সরকার পদক্ষেপ নেবে।”
জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান মানবেন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার সঙ্গে এক বৈঠক শেষে বৃহস্পতিবার তিনি একথা বলেন।
বৈঠক শেষে সন্তু লারমা সাংবাদিকদের বলেন, “১৯৯৭ সালে শান্তিচুক্তি হয়। আগের সরকার এটি বাস্তবায়ন করেনি। এ বিষয় উপদেষ্টার কাছে তুলে ধরেছি। বিশেষ করে ভুমি সমস্যার নিষ্পত্তি এবং পার্বত্য অঞ্চলের জনগণের কর্মসংস্থানের বিষয়ে উপদেষ্টার মনোযোগ আকর্ষণ করেছি।”
