‘গুরত্ব বাড়ায় সার্কের পর্যবেক্ষক হওয়ার আবেদন করছে ইরান’
দক্ষিণ এশিয়া অঞ্চল অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠায় সার্কের গুরুত্ব ক্রমশ বাড়ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রনালয়ের সভাকক্ষে উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “এ কারণে এই অঞ্চলের বাইরেও বিভিন্ন দেশ সার্কভূক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে ইরান নতুন করে আবেদন করেছে পর্যবেক্ষক হওয়ার জন্য।”
আগ্রহের কারণ হিসেবে তিনি উলে¬খ করেন, অর্থনৈতিক জোন অঞ্চল হিসেবে দক্ষিণ এশিয়া এখন খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, কূটনৈতিক এবং সামরিক ক্ষেত্রেও এই অঞ্চল শক্তিশালী হয়ে উঠেছে।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ইফতেখার আহমদ বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের পর্যবেক্ষক হওয়ার আবেদন বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে।
বর্তমান পরিস্থিতিতে ইরানকে সার্কের পর্যবেক্ষক না করার জন্য কোন দেশের চাপ নেই বলে দাবি করেন উপদেষ্টা।
তিনি বলেন, আগামী ২ এপ্রিল সার্কের সদস্য দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।
বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইফতেখার বলেন, দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে না।
তিনি বলেন, ‘এবারের সার্ক সম্মেলনে আটটি দেশের সদস্যরা যোগ দেবে। নতুন সদস্য হিসেবে আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান হামিদ কারজাই বৈঠকে উপস্থিত থাকবেন।’
এছাড়াও পর্যবেক্ষক হিসেবে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান উপদেষ্টা।
ইফতেখার আহমদ চৌধুরী বলেন, “সার্ক তৃতীয় দশকের জন্য ২২ টি উন্নয়ন লক্ষ মাত্রা নির্ধারণ করেছে।”
বাংলাদেশে টাটার বিনিয়োগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “এ ধরনের বড় বিনিয়োগের আগে প্রস্তাব আরো বেশি পরীক্ষা-নীরিক্ষা করে দেখা উচিত।”
