জিবরান হত্যা মামলায় খালাসপ্রাপ্ত টিটুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট
ভারতীয় নাগরিক জিবরান তায়েবী হত্যা মামলায় চট্টগ্রামের নিম্ন আদালতে খালাসপ্রাপ্ত আসামী ইয়াসিন রহমানকে টিটুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। এছাড়া এ মামলায় নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামীর চার জনের সাজা বহাল এবং একজনকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার বিচারপতি মোঃ আবদুল ওয়াহহাব মিয়া ও বিচারপতি মোঃ রইসউদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
ভারতীয় নাগরিক জিবরান তায়েবী হত্যা মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোঃ ফজলুল করিম ২০০২ সালের ১২ আগষ্ট আসামী ওসমান, আলী আকবর, জিল্লুর, জাহিদ হোসেন ও মোঃ সিদ্দিককে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন।
ওই আদালত একই রায়ে আসামী ইয়াসিন রহমান টিটু, আলমগীর ও ওমর আলীকে বেকসুর খালাস দেয়।
হাইকোর্ট নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পাঁচ আসামীর মধ্যে মোঃ সিদ্দিককে বেকসুর খালাস দেন। অপর চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রাখে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামীরা এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে। অন্যদিকে সরকার খালাস পাওয়া আসামীদের বিরুদ্ধে আপিল দায়ের করে।
১৯৯৯ সালের ৯ জুন ভারতীয় নাগরিক জিবরান তায়েবীকে চট্টগ্রামে গুলি করে হত্যা করা হয়। জিবরান তায়েবী যে কোম্পানীতে কাজ করতেন তার অপারেশন ম্যানেজার জেমস রয় এ ঘটনায় পরদিন চট্টগ্রামের ডাবল মুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জিবরান তায়েবী ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা টিএ খানের ছেলে।
সরকার পক্ষে শুনানিতে অংশ নিয়েছিলেন সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল আবদুর রেজ্জাক খান ও ডেপুটি এটর্নি জেনারেল আবদুর রউফ। আসামীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও এডভোকেট শরফুদ্দিন মুকুল।
প্রসঙ্গত, মামলাটির শুনানির সময় আব্দুর রেজ্জাক খান অতিরিক্ত এটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে তিনি অবসরে যান।
