এবার নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে বার্ড ফ্লু শনাক্ত
সাভার--গাজীপুর ও জামালপুরের পর এবার নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) ধরা পড়েছে। পশুসম্পদ বিভাগের পরিচালক আব্দুল মোতালেব নফহবংি২৪.পড়স কে বুধবার রাতে দুই জেলায় মৃত মুরগির নমুনা পরীক্ষায় ঐ৫ঘ১ ভাইরাস সংক্রমণ ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেন।
নারায়ণগঞ্জে আক্রান্ত খামার দুইটি হলো কল্যাণদি গ্রামের আক্তারের পোল্ট্রি ফার্ম ও সোনাকান্দার কালু মৃধার পোল্ট্রি ফার্ম। এই দুইটি ফার্মে গত দুই দিনে প্রায় ১১ হাজার মুরগি মেরে ফেলা হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার মুরগি ছিল সোনাকান্দার কালু মৃধার পোল্ট্রি ফার্মের।
বন্দরের আরেকটি খামারে মুরগির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ধরা পড়েছে। বুধবার মৃত মুরগির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী হোসেন বুধবার রাতে জানান, মালিভিটা গ্রামে জয়না পোল্ট্রি ফার্মের মুরগির অস্বাভাবিক মৃত্যু প্রশাসনের নজরে আসে মঙ্গলবার। বুধবার মৃত মুরগি পরীক্ষার জন্য ঢাকায় পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
জয়না পোল্ট্রি ফার্মের মালিক সিরাজুল ইসলাম জানান, তার খামারের ৬৮০টি লেয়ার মুরগি ছিল। ৯ মাস আগে এসব মুরগি বাচ্চা হিসাবে সংগ্রহ করা হয়েছিল জয়দেবপুরের নারিশা হ্যাচারি থেকে। গত চার/পাঁচদিন যাবত তার মুরগির অস্বাভাবিক মৃত্যু হচ্ছে।
আশা পোল্ট্রি ফার্ম নামে একটি ফার্মে নতুন করে লক্ষ্য করা গেছে কিছু মুরগি মারা যাচ্ছে।
এই খামারটি হলো সোনাকান্দা পোল্ট্রি ফার্মের কাছাকাছি অবস্থিত। কতো মুরগি মারা গেছে তা জানা যায়নি। বুধবার থেকে মুরগি অস্বাভাবিকভাবে মারা যাচ্ছে।
টাঙ্গাইলে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা শনাক্ত হওয়ার পর জেলার ভুঞাপুরের গোবিন্দাসী কস্টাপাড়া গ্রামে মঙ্গলবার রাতে এক হাজার ৯৪২টি মুরগি নিধন ও চার হাজার ২৯০টি ডিম ধ্বংস করা হয়েছে।
নিধন কাজ চলার সময় উপস্থিত ছিলেন জেলা পশু সম্পদ কর্মকর্তা এমএ রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সাত্তার শেখসহ পুলিশের সদস্যরা।
১২ মার্চ প্রথম আব্দুল জলিলের এ ফার্মের ৬টি মুরগি মারা যায়। পরদিন মারা যায় আরও ১৫টি। পশুসম্পদ কর্মকর্তা ডা. অখিল চন্দ্র এ ঘটনা ঢাকায় জানান।
এ ব্যাপারে অখিল চন্দ্র জানান, ওই দিনই বিশেষজ্ঞরা এসে পরীক্ষার জন্য মুরগি নিয়ে যান। এরপর সে খামার থেকে ডিম ও মুরগি বিক্রয় বন্ধ করা হয়।
অখিল চন্দ্র আরও জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা থেকে পরীক্ষার রিপোর্ট আসে। রিপোর্টে প্রাপ্ত বার্ড ফ্লু সংক্রমণের খবর ফ্যাক্স বার্তায় জেলা প্রশাসককে জানানো হয়। বিকেলেই ওই খামার মালিককে মুরগিগুলো নষ্ট করার জন্য চিঠি দেওয়া হয়।
