এভিয়ান ফ্লু নিয়ন্ত্রণে প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে: সিএস করিম
এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নিয়ন্ত্রণে প্রয়োজন হলে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন পশু সম্পদ উপদেষ্টা সিএস করিম।
বুধবার সন্ধ্যায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “বার্ড ফ্লু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রয়োজন হলে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হবে।”
তিনি বলেন, কোনও খামারে মুরগি অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। রোগবহনকারী মুরগি মেরে ফেলা হচ্ছে।
বৈঠকে অংশ নেন স্বাস্থ্য উপদেষ্টা মতিউর রহমান এবং ইউএনডিপি, ইউনিসেফ, ডব্লিউএইচও, এফএও, ডব্লিউএফপি ও ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিরা।
বৈঠক সুত্র জানা গেছে, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এভিয়ান ইনফু¬য়েঞ্জা প্রতিরোধে সরকারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
বৈঠকে সিএস করিম যন্ত্রপাতি, টিকা ও ওষুধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি জানান, স্থানীয়ভাবে এইচ---৫ ভাইরাস পরীক্ষা করা গেলেও এন--১ ভাইরাস পরীক্ষা সম্ভব হচ্ছে না।
ইউএনডিপির প্রতিনিধি মিস রেনেটা লক ডিসালিয়েন সাংবাদিকদের বলেন, এভিয়ান ইনফু¬য়েঞ্জার ব্যাপারে বাংলাদেশকে আমরা সহায়তা করতে চাই। বিশ্বের বিভিন্ন দেশে এ রোগ আছে। এতে ভয়ের কিছু নেই। পাখি থেকে মানুষ যাতে আক্রান্ত না হয় সে বিষয়ে সরকারকে সবধরনের সহায়তা দিতে আমরা প্রস্তুত।
ডব্লিউএইচও’র প্রতিনিধি দুয়াংবাদি সাংরবি বলেন, প্যাকেজ প্রোগ্রামের আওতায় সরকারকে আমরা কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দিতে চাই। সরেজমিন অবস্থা দেখার জন্য বিদেশি বিশেষজ্ঞরা তৈরি হয়ে আছে। সরকার চাইলেই যেকোনও মুহুর্তে তাদের দিল্লি অফিসের বিশেষজ্ঞরা ঢাকায় চলে আসতে পারেন।
তিনি বলেন, গবেষণাগার স্থাপনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে এটি স্থাপন করা গেলে এ দেশেই রোগ শনাক্ত করা সম্ভব হবে।
স্বাস্থ্য উপদেষ্টা তপন চৌধুরী বলেন, ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। সব হাসপাতালে বিশেষ করে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে বেড ও চিকিৎসক প্রস্তুত রাখা হয়েছে।
তিনি বলেন, যথেষ্ট প্রস্তুতি রয়েছে। ভয় পাওয়ার কোনও কারণ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন বিশেষজ্ঞ এ মুহুর্তে বাংলাদেশে অবস্থান করছেন। সার্কভূক্ত দেশে এর আগেও এভিয়ান ইনফ্লুয়েজা হয়েছে। কিন্তু মানুষ আক্রান্ত হয়নি।
সিএস করিম বলেন, “ভয় পাওয়ার কোনও কারণ নেই। পরিস্থিতি খারাপ হলে সঙ্গে সঙ্গে মিডিয়ার মাধ্যমে দেশবাসিকে অবহিত করা হবে।”
তিনি রোগাক্রান্ত মুরগিকে প্রশিক্ষণপ্রাপ্ত লোক দিয়ে নিধন করার পরামর্শ দেন।
এভিয়ান ইনফ্লুয়েঞ্জা কন্ট্রোল রুম থেকে জানা গেছে, ২৭ মার্চ টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার একটি খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই খামারের ১৯৪২টি মুরগি মঙ্গলবার রাতে মেরে ফেলা হয়েছে।
২৬ মার্চ বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার একটি খামারে ৪৯৫টি মুরগির অস্বাভাবিক মৃত্যু হয়। ২৭ মার্চ পর্যন্ত সারাদেশে সরকারিভাবে ২০৫৩টি খামার পরিদর্শন করা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্ত খামারের সংখ্যা ১২টি। এসব খামারে মোট মুরগির সংখ্যা ৫২৮৯৯টি। অসুস্থতার কারণে মারা যাওয়া মুরগির সংখ্যা ১৬৩৯৫টি। আর মেরে ফেলা হয়েছে ৪৯৭২৮টি।
