২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের হাইমচরে ত্রাণের ঢেউটিন জমা দিয়েছেন এক স্কুল শিক্ষক

চাঁদপুরের হাইমচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে বুধবার ত্রাণের পাঁচ বান্ডিল ঢেউটিন জমা দিয়েছেন এক স্কুল শিক্ষক।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 03:26 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জয়দেব চন্দ্র দত্ত সকালে নিজ বসতঘরের চালা থেকে ২২ পিস বড় ও ২৫ পিস টুকরো ঢেউটিন খুলে নিয়ে এসে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে জমা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সূত্রে জানা গেছে, জয়দেব চন্দ্র মঙ্গলবার ইউএনও মোখতার আহমেদের কাছে এক লিখিত আবেদনে জানান, ২০০৪ সালে আলগী ইউনিয়নের আলগী বাজারে আগুন লাগার ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১টি দোকানে ৪২ বান্ডিল টিন দেওয়া হয়েছিল। এদের মধ্যে বাচ্চু মিয়া মুন্সীর কাছ থেকে তিনি দুই বান্ডিল, রফিকুল ইসলামের কাছ থেকে দেড় বান্ডিল এবং এনায়েতউল্লাহর কাছ থেকে দেড় বান্ডিল টিন কিনেছিলেন নিজের ব্যবহারের জন্য।

তিনি জানান, প্রতি বান্ডিল টিন তিনি ৩২০০ টাকা করে কিনেছিলেন। সারাদেশে ত্রাণের টিন উদ্ধারের ঘটনায় এগুলো তিনি জমা দিতে চান। ইউএনও তার আবেদনের পরিপ্রেক্ষিতে টিনগুলো জমা দিতে বলেন।

এ ব্যাপারে ইউএনও মোখতার আহমেদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী আহমদ বলেন, শিক্ষক জয়দেব চন্দ্রের আবেদনের প্রেক্ষিতে ঢেউটিনগুলো জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পর তিনি বুধবার টিনগুলো জমা দিয়ে গেছেন।