২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় আমার দেশ এর সাংবাদিক গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে সারের দাবিতে বিক্ষুদ্ধ কৃষকদের ফাঁস দিয়ে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে এক সাংবাদিক ও এক আলোকচিত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে দৈনিক আমার দেশ পত্রিকার ধামইরহাট প্রতিনিধি হারুনুর রশিদ এবং স্থানীয় ফটোগ্রাফার আবদুর রহিমকে তাদের উপজেলা সদরের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 03:57 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

ধামইরহাট থানায় মঙ্গলবার রাতে এ ঘটনায় জরুরি বিধিমালা আইনের ৪ ধারায় একটি মামলা হয়েছে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ধামইরহাট উপজেলা পরিষদ গেটে সারের দাবিতে অর্ধ শতাধিক কৃষক মঙ্গলবার সকাল ১১ টার দিকে অবস্থান নেন। এ সময় দুই সাংবাদিক ও আফজাল হোসেন নামে এক মাদ্রাসা শিক্ষক একটি গাছের ডালে তিনটি দড়ি টাঙিয়ে আত্মহত্যার দৃশ্য ক্যামেরা বন্দী করার জন্য কৃষকদের প্ররোচনা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিনজনকে আটক করে। ধামইরহাট ইউএনও অফিসে দিনভর জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তুজরুরি বিধিমালা আইনে মামলা করে রাতে আবার সাংবাদিক হারুনুর রশিদ ও আলোকচিত্রী আবদুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১০ টায় নওগাঁ জেলা প্রশাসক খলিলুর রহমান সাংবাদিকদের বলেছেন,  প্রাথমিকভাবে কৃষকদের আত্মহত্যার জন্য প্ররোচনা দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশ সুপার নুরুল আমিন এবং কৃষি সম্প্রসারণ বিভাগের উপ--পরিচালক আবুল হাসানাত উপস্থিত ছিলেন।