২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবাজদের নতুন কোনও তালিকা প্রকাশ করা হবে না: এম এ মতিন

দুর্নীতিবাজদের আর কোনও নতুন তালিকা প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন গুরুতর অপরাধ সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান এবং যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 06:26 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

বুধবার নৌ পরিবহন মন্ত্রনালয়ের সভাকক্ষে মন্ত্রনালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) অগ্রগতি পর্যালোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, “অবশ্য দুর্নীতিবাজদের চিহ্নিত করে গ্রেপ্তার অভিযান এবং মামলা দায়েরের কাজ অব্যাহত থাকবে। এর মধ্যেই টাস্ক ফোর্স ১০০টি অভিযোগ তদন্ত শেষ পর্যায়ে নিয়ে এসেছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই এসব তদন্ত শেষ হলেই মামলা দায়ের করা হবে।”

উপদেষ্টা বলেন, এর মধ্যেই ২০টি বেশি টাস্ক ফোর্স ঢাকায় বিভিন্ন অভিযোগ তদন্ত করে দেখছে। ঢাকার বাইরেও টাস্ক ফোর্স কাজ করছে। তবে সব জেলায় এখনো টাস্ক ফোর্স গঠন করা হয়নি, যদিও সব জেলায় টাস্ক ফোর্স গঠনে সরকারের সিদ্ধান্ত রয়েছে। প্রয়োজনে সব জেলাতেই টাস্ক ফোর্স গঠন করে দূর্নীতিবাজদের তালিকা তৈরি ও অভিযোগ তদন্ত করা হবে।

“সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে অনেক বড় দূর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও অস্ত্র ও চাঁদাবাজির মামলা দেয়ার কারণ কি?” এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব অভিযোগ প্রমাণসাপেক্ষ। দূদক ও টাস্ক ফোর্স এগুলো খতিয়ে দেখছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলেই তার বিরুদ্ধে দূর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করা হবে।

বঙ্গবন্ধু হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামী মহিউদ্দিনকে দেশে ফিরিয়ে আনার পর আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে উপদেষ্টা মতিন জানান। অবশ্য বিভিন্ন দেশে অবস্থানকারী ও আটক হওয়া ঘাতকদের ফিরিয়ে আনা সম্পর্কে কিছু জানেন না বলে মন্তব্য করেন  উপদেষ্টা।