২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বৃত্তের দেওয়া আগুন পুড়ে মারা গেল পাঁচ বছরের সুহেনা

সদর থানার মুক্তিযোদ্ধা আকবর আলীর ঘরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে মারা গেছে তাঁর পাঁচ বছরের শিশুকন্যা সুহেনা। ২৫ মার্চ রাতের এই ভয়ঙ্কর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ২৬ মার্চ রাতে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বুধবার তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে পুলিশ জানিয়েছে ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 01:03 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

মোগলাগাঁয়ের খাসরগাঁও গ্রামে আকবর আলী স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকেন। গত ২৫ মার্চ স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে এসেছিলেন আকবর আলী। এ সময় স্ত্রী ও দুই সন্তান বাড়িতে ছিল।

এই সুযোগে একদল দুর্বৃত্ত তার ঘরে আগুন লাগিয়ে দেয়।  পুড়ে মারা যায় আকবর আলীর মেয়ে সুহেনা বেগম। আহত হয়েছে তাঁর ছেলে শরীফ আলী (২৫)।

পরদিন ২৬ মার্চ সিলেট কোতোয়ালি থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুইজনসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন আকবর আলী।

আকবর আলী জানান, তাঁর বসতঘরের জায়গা নিয়ে প্রতিবেশী বাবলা মিয়া, ইলিয়াস আলী ও সাদিক মিয়ার সঙ্গে তাঁর বিরোধ চলছিল। তাঁদের ভিটেচ্যুত করতে এরা নানা তৎপরতা চালিয়ে আসছিল।

পুলিশ ২৬ মার্চ রাতে একই গ্রামের বাবলা মিয়া, ইলিয়াস আলী ও সাদিক মিয়াকে গ্রেপ্তার করেছে।

কোতোয়ালি থানার এসআই আবদুল আহাদ বলেন, গ্রেপ্তার হওয়া তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বুধবার এদের আদালতে হাজির করে রিমান্ড প্রার্থনা করা হবে।

সিলেট সদর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াকিবউল্লা বলেন, পাক হানাদারদের মত সেই ২৫ মার্চের কালোরাতকেই এই ঘটনা মনে করিয়ে দেয়। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।