সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার চতুর্থ সাক্ষীকে বৈরি ঘোষণা
সাংবাদিক গৌতম দাস হত্যা মামলায় বাদিপক্ষের চতুর্থ সাক্ষীকে মঙ্গলবার বৈরি ঘোষণা করা হয়েছে। সমকাল ফরিদপুর ব্যুরো অফিসের নিচ তলার চা দোকানি মেনির মোল্লা এ মামলার চতুর্থ সাক্ষী।
দুপুরে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনাল আদালতে বিচারাধীন এ মামলায় মেনির মোল্লা সাক্ষ্য দেন। কিন্তু তার এই সাক্ষ্যের সঙ্গে হত্যাকান্ডের পরপর ফরিদপুরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় তার দেওয়া জবানবন্দির মিল না থাকায় মঙ্গলবার তাকে বৈরি ঘোষণা করে জেরা করা হয়।
রাষ্ট্রপক্ষের জেরার জবাবে মনির মোল্লা বলেন, ২০০৫ সালের ২০ নভেম্বর তিনি ফরিদপুরের প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের কাছে যে জবানবন্দি দিয়েছিলেন তা পুলিশী নির্যাতনের কারণে দিয়েছিলেন। তিনি বলেন, নির্যাতনের এ কাহিনী তিনি কাউকে বলেননি।
বিচারক শাহেদ নূর উদ্দিন আগামী ৩ এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ নভেম্বর দুপুরে সমকাল ফরিদপুর জেলা কার্যালয় থেকে ব্যুরো প্রধান গৌতম দাশের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আসামী হিসেবে কারো নাম উল্লেখ না করে দৈনিক সমকালের ফরিদপুর জেলা প্রতিনিধি মো. হাসানুজ্জামান বাদি হয়ে পরের দিন একটি হত্যা মামলা দায়ের করেন।
এ হত্যা মামলাটি ২০০৬ সালের ২৫ জুলাই ফরিদপুর আদালত থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনালে পাঠানো হয়। ঢাকার ১নং দ্রুত বিচার ট্রাইবুন্যাল আদালতে গৌতম হত্যা মামলার বিচার কাজ চলছে।
প্রসঙ্গত, এ মামলার প্রথম সাক্ষী হলেন বাদী মো. হাসানুজ্জামান । দ্বিতীয় সাক্ষী ফরিদপুরের স্থানীয় সাপ্তাহিক প্রগতির দিন পত্রিকার বার্তা সম্পাদক সালামত হোসেন খান এবং তৃতীয় সাক্ষী ফরিদপুরের দৈনিক প্রথম আলো প্রত্রিকার প্রতিনিধি পান্না বালা।
মামলাটি তদন্ত শেষে এস আই মো. গোলাম নবী ১০ আসামির বিরুদ্ধে গত বছরের ১৯ জানুয়ারি চার্জশিট দেন।
চার্জশিটে বলা হয়, ফরিদপুর শহরে মুজিব সড়কের সংস্কার কাজের অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে রিপোর্ট করার কারণে কাজী মুরাদ, আসিফ ইমতিয়াজ বুলুসহ অন্যরা রাতে গৌতমকে সমকাল কার্যালয়ে হত্যা করে।
এ মামলায় জামিনে থাকা আসামিরা হচ্ছে আসিফ ইমরান, সিদ্দিকুর রহমান, আসাদ বিন কাদির, রাজীব হাসান মনা, আবু তাহের ওরফে মর্তুজা, এহসান ওরফে অ্যাপোলো বিশ্বাস এবং তামজিদ হোসেন বাবু।
চার্জশিটভুক্ত আসামী ইমতিয়াজ বুলু ও জাহিদ খান পলাতক রয়েছে। আসামিদের মধ্যে ৪ জন গৌতম দাশ হত্যাকান্ডের সাথে নিজেরা জড়িত বলে ১৬৪ ধারায় ম্যাজিষ্ট্রের কাছে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।
