২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের মধ্যচরে পুলিশ--সন্ত্রাসী সংঘর্ষে আহত ২০

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মধ্যচরে মঙ্গলবার সকালে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে পাঁচ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 09:35 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

শেষ পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করা আসামিকে নিয়ে থানায় নিয়ে আসতে সক্ষম হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বাহেরচরের নূর মোহাম্মদ মাঝি স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। ১৯৯৮ সালে রায় ঘোষণার পর থেকে সে পলাতক।

মঙ্গলবার সকাল ১০টার দিকে হাইমচর থানা পুলিশ নূর মোহাম্মদকে শরীয়তপুরের চরমান্দারী এলাকা থেকে গ্রেপ্তার করে। তাকে নিয়ে হাইমচর আসার পথে মধ্যচর এলাকায় একদল সন্ত্রাসী পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় পুলিশের সাথে সন্ত্রাসীদের ধাওয়া--পাল্টা ধাওয়া হয়। প্রায় আধ ঘণ্টা ধরে চলা দু’পক্ষের সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ শর্টগানের নয় রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর সন্ত্রাসীরা পালিয়ে যায়।

সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ দুইপক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে বলে পুলিশ জানায়। আহত পুলিশ সদস্যরা হচ্ছেন কনস্টেবল নাজমুল, সুকমল, জসিম, মোশারফ ও শাহ আলম।

নাজমুল ও সুকমলকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে গ্রেপ্তারের ভয়ে আহত সন্ত্রাসীরা আত্মগোপন করে আছে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, হাইমচর ইউনিয়নের চেয়ারম্যান ইছহাক খোকনের ছোট ভাই ইয়াছিন রতনের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

অবশ্য চেয়ারম্যান ইছহাক খোকন বলেন, আমি ঘটনাটি লোকমুখে শুনেছি। এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।