২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেরোইন রাখার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইন রাখার অভিযোগে সাইফুল ইসলাম এবং শ্যাম দুলাল দেবনাথকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 05:00 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

মঙ্গলবার দুপুর আড়াইটায় ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আমান উল্লাহ এই রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, রাজধানীর মিরপুর থানার সেনপাড়া এলাকা থেকে র‌্যাব - ৪ এর সদস্যরা ২০০৬ সালের ১০ জুলাই ক্রেতা সেজে এক কেজি হেরোইনসহ সাইফুল ও শ্যাম দুলালকে গ্রেপ্তার করে।

বিচারক মামলাটিতে মোট নয়জনের সাক্ষ্য গ্রহণ করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার এক রায়ে তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সাইফুলের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার ছেলাবুনিয়া তেরঘর গ্রামে। শ্যামদুলালের বাড়ি একই থানার সুবিদখালী গ্রামে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ১ (খ) ধারায় মিরপুর থানায় দায়ের করা এ মামলার বাদী হচ্ছেন র‌্যাব--৪ এর কর্মকর্তা কর্পোরাল আলতাফ হোসেন।