জুনের মধ্যে বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানি করার নির্দেশ
বাংলাদেশ বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের সুপারিশ করেছে বিমানকে পুনর্গঠন, বাণিজ্যিকীকরণ ও লাভজনক করার জন্য গঠিত কমিটি। এই সুপারিশ আগামী ৩০ জুনের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন যোগাযোগ উপদেষ্টা এমএ মতিন।
কমিটির প্রধান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. শহিদ আলম মঙ্গলবার দুপুরে যোগাযোগ উপদেষ্টার কাছে এ সংক্রান্ত সুপারিশ জমা দেন।
পরে শহিদ আলম সাংবাদিকদের বলেন, “বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানি করা, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগ করা, জনবল সাড়ে ছয় হাজার থেকে কমিয়ে সাড়ে তিন হাজারে নামিয়ে আনা এবং বহরে আধুনিক এয়ারক্রাফট সংযোজন করার সুপারিশ করা হয়েছে।”
আগামী ৩০ জুনের মধ্যে এসব সুপারিশ কার্যকর করার জন্য যোগাযোগ উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান।
তিনি বলেন, “কোম্পানি গঠনের জন্য বিশেষজ্ঞ এবং হিসাব নিকাশের জন্য একটি সিএ ফার্মকে খণ্ডকালীননিয়োগ দেওয়া হবে। তারা প্রয়োজনীয় দিকনির্দেশনা তৈরি করবে।”
বিমান সচিব বলেন, নিয়মানুযায়ী কোম্পানি গঠনের জন্য বিমানের কমপক্ষে সাতটি শেয়ার বাজারে ছাড়তে হবে। এটি বিমানের মোট সম্পদের দশমিক ০৫ ভাগ। ব্যক্তিপর্যায়ে নয়, এই শেয়ার কিনতে পারবে কোনো প্রতিষ্ঠান। শেয়ার কেনার পর এগুলো পরিচালনার ক্ষমতা সরকারের কাছে হস্তান্তর করতে হবে। এর ফলে একশ ভাগ শেয়ারেরই মালিক থাকবে সরকার।
বিমানের তিন হাজার কর্মচারীকে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় করা হবে বলে তিনি জানান।
বিমান সূত্র জানায়, প্রতি বছর বাংলাদেশ বিমানের লোকসানের পরিমাণ দুই হাজার কোটি টাকা।
এ ব্যাপারে শহিদ আলম বলেন, “দুর্নীতি, পুরানো এয়ারক্র্যাফ্ট রক্ষণাবেক্ষণ ও তেল খরচ, ট্রেড ইউনিয়নের দৌরাত্ম, জনবল ইত্যাদি কারণে বিমানকে লাভজনক করা যায়নি।”
তিনি আরও বলেন, ব্যয় কমানোর জন্য এর আগে অভ্যন্তরীন ও আন্তর্জাতিক বেশ কয়েকটি রুট বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন কোম্পানি গঠন এবং আধুনিক এয়ারক্র্যাফ্ট সংগ্রহের পর এই রুটগুলি আবার চালুর সুপারিশ করেছে কমিটি।
