২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মোবাইল ফোন সংযোগে নির্ধারিত ট্যারিফ দিতে হবে

মোবাইল সিম বা রিম কার্ডের ওপর ১৬শ ২৮ টাকা ট্যারিফ মূল্য নির্ধারণকে অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় তিন মাসের জন্য স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 01:30 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড এবং সরকারের দুইটি আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে তিন বিচারকের আপিল বিভাগ মঙ্গলবার এ আদেশ দেন। একই সঙ্গে ওই আবেদন আপিল বিভাগে শুনানির জন্য গৃহীত হয়েছে।

হাইকোর্টের রায় স্থগিত করার ফলে সিম বা রিম কার্ড কিনতে ১৬শ ২৮ টাকা ট্যারিফ মূল্য দিতে হবে। বাদী আবু সাঈদ খানের মতে ভোক্তাদের জন্য এটি একটি অন্ধকার দিন। নফহবংি২৪.পড়স কে তিনি বলেন, স্বল্প রোজগেরে ভোক্তারাই এ রায়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সমাজের স্বচ্ছল অংশটি এর মধ্যেই মোবাইল ফোন কিনে ফেলেছে। অযৌক্তিক এ করের বোঝা চেপে বসবে গরীবদের ঘাড়েই। মোবাইল ফোনের প্রসারকে ব্যাহত করবে বলে এর সরাসরি প্রভাব জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর। তিনি আরো বলেন, অমানবিক এ ট্যারিফ চাপিয়ে দেওয়া যথাযথ হয়নি।

গত বছরের ২৪ আগস্ট বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি একে এম আসাদুজ্জামানকে নিয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ টেলিযোগাযোগ বিশ্লেষক আবু সাঈদ খানের দায়ের করা জনস্বার্থ মামলায় ওপর পূর্ণাঙ্গ শুনানির পর মোবাইল সিম বা রিম কার্ডের ওপর ১৬শ ২৮ টাকা ট্যারিফ মূল্য নির্ধারণকে অবৈধ ও বাতিল ঘোষণা করেছিলেন হাইকোর্ট।

  ২০০৫ সালের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড ওই বছরের ৯ জুন গেজেট প্রকাশ করে  সিমকার্ডের ট্যারিফ মূল্য ২১ শ ৭২ টাকা নির্ধারণ করেছিল।

২০০৫ সালের ২৫ জুন রিট আবেদনকারী জনস্বার্থে মামলা দায়ের করেন। সেখানে ২১ শে ৭২ টাকা সিমকার্ডের মূল্য নির্ধারণের যৌক্তিকতা জানতে চাওয়া হয়। ওই রিটের পরিপ্রেক্ষিতে আদালত সিমকার্ডের ওই মূল্য নির্ধারণ অবৈধ ঘোষণা করা হবে না কেন তার ব্যাখ্যা চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে রুল জারি করেন। পরে ওই বছরের ৩০ জুন জাতীয় রাজস্ব বোর্ড সিমকার্ডের ট্যারিফ মূল্য ১৬শ ২৮ টাকা নির্ধারণ করে।

রিটকারীর পক্ষে উপস্থাপিত যুক্তিতে বলা হয়, আইন অনুযায়ী জাতীয় ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্যের ট্যারিফ মূল্য নির্ধারণ করতে হবে। আন্তর্জাতিক বাজারে সিমকার্ডের মূল্য যেখানে ২ থেকে ৪ মার্কিন ডলার (১২০ টাকা থেকে ২৪০ টাকা)  সেখানে  সিমকার্ডের মূল্য ২১শ ৭২ টাকা ও পরে ১৬ শ ২৮ টাকা নির্ধারণ করা বেআইনী।

এই যুক্তি খন্ডন করে এনবিআর এর পক্ষে ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেন, মোবাইল সিম কার্ড একটি সেবা, এটি পণ্য নয়। একারণে জনস্বার্থে এনবিআর সিমকার্ডের এই ট্যারিফ মূল্য নির্ধারণ করেছে।

আদালত রায়ে বলেছে, সিমকার্ডের ওপর মূল্য নির্ধারণ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন -- সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, নিহাদ কবীর এবং মো. আসাদুজ্জামান।