ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী--স্ত্রীর আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলকুট গ্রামের এক দম্পতি বিষ পান করে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। তাদের মুখে বিষের গন্ধ ছিল। তবে পুলিশ বলেছে, তদন্তের আগে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।
নিহতের পারিবারিক সূত্র জানায়, রোববার রাতে চিলকুট গ্রামে শাহেদ মিয়ার পুত্র আলম মিয়া (২৫) ও তার স্ত্রী লাইলী বেগম (১৯) খাওয়া--দাওয়া শেষে ঘুমাতে যায়। মধ্যরাতে তারা দুজনই ছটফট করতে থাকলে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাদের সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তারা দুজনই মারা যান।
দুজনে বিষপান করে আত্মহত্যা করেছেন বলে পরিবারের লোকজন ও পুলিশ ধারণা করছে। তবে আত্মহত্যার কারণ কেউ নিশ্চিত করে বলতে পারছে না।
সদর থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই নাসিমা আক্তার জানান, এ ঘটনায় সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে তদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে সোমবার দুপুরে তাদের লাশের ময়না--তদন্ত করা হয়েছে।
