২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে জনসমাগম কম

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানমালা মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পু®পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় এসব অনুষ্ঠান। অবশ্য জরুরি অবস্থায় রাজনৈতিক দলগুলোর কার্যক্রম না থাকায় শহীদ মিনারে এবার জনসমাগম ছিল খুবই কম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2007, 06:01 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

সরকারি প্রতিষ্ঠান ও গুটিকয়েক সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি ছাড়া শহীদ মিনারে সাধারণের উপস্থিতি ছিল হাতেগোনা। রাত ১২টা ১ মিনিটে তোপধ্বনি ও বিউগল বাজানোর পর শহীদদের শ্রদ্ধা জানানো শুরু হয়। এর মাত্র বিশ মিনিটের মধ্যেই ফাঁকা হয়ে পড়ে শহীদ মিনার।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ হামিদ জানান, শহীদ মিনারে এত কম উপস্থিতি সাম্প্রতিক সময়ে চোখে পড়েনি। যেখানে উৎসব আমেজ বিরাজ করে সেখানে এবার ছিল এক ধরনের সুনসান নীরবতা।

রাজনৈতিক দলের নেতাকর্মীদের অনুপস্থিতি এর বড় কারণ বলে মনে করছেন সবাই। শহীদ মিনারে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির নেতৃস্থানীয় কাউকে দেখা যায়নি। বাম সংগঠনের নেতা কর্মীরাও ছিলেন অনুপস্থিত।

সোমবার সকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে কুচকাওয়াজ ও মার্চপাস্টের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। স্কুলের শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিদের উপস্থিতিতে সালাম গ্রহণ করেন বিভাগীয় কমিশনার মো. মোখলেসুর রহমান।

এরপর সকাল ১০টায় শিশু--কিশোরদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বেলা ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

জেলা প্রশাসনের এসব আয়োজনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী বইমেলা এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে।