২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দর আধুনিকায়নে শিগগিরই তিনটি বড় প্রকল্প বাস্তবায়ন

চট্টগ্রাম বন্দরে দেড় কিলোমিটার দীর্ঘ একটি ফ্লাইওভার নির্মাণ, একটি স্ক্যানার মেশিন এবং বর্জ্য সংগ্রহে একটি জাহাজ কেনা হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2007, 03:55 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

বন্দরের উন্নয়নে এ তিনটি প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ২২৮ কোটি টাকা। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রকল্পগুলো বাস্তবায়নে অর্থের যোগান ও কারিগরি সহায়তা দেবে।

বন্দর সূত্র জানায়, এক দশমিক ৮৫ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটি বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) থেকে চিটাগাং কন্টেইনার টার্মিনালের (সিসিটি) উপর দিয়ে পোর্ট কানেকটিং সড়কে গিয়ে যুক্ত হবে।

এটি হবে চট্টগ্রামের প্রথম ফ্লাইওভার। সড়ক ও জনপথ বিভাগ এটি নির্মাণ করবে এবং এতে ব্যয় হবে আনুমানিক ৭৬ কোটি টাকা। ফ্লাইওভারটি নির্মিত হলে বন্দর থেকে কন্টেইনার পরিবহন সহজতর হবে। পাশাপাশি কমবে পণ্যজট ও যানজট।

বন্দর চেয়ারম্যান মোহাম্মদ মোসলেহ উদ্দিন নফহবংি২৪.পড়স কে জানান, প্রায় সমপরিমাণ অর্থে শুল্ক কর্তৃপক্ষের আওতায় বন্দরে একটি স্ক্যানার মেশিন স্থাপন করা হবে।

এছাড়া সামুদ্রিক দূষণ রোধে পরিবেশ বান্ধব কর্মসূচির আওতায় একটি জাহাজ সংগ্রহ ও একটি পরিশোধন প্ল্যান্ট স্থাপন করা হবে।

বন্দর চেয়ারম্যান বলেন, এ জাহাজের মাধ্যমে বন্দরে জাহাজ থেকে নিঃসরিত তেল ও বর্জ্য সংগ্রহ করে তা পরিশোধন প্ল্যান্টে নিয়ে যাওয়া হবে এবং অন্যান্য বর্জ্য পুড়িয়ে ফেলা হবে।

তিনি জানান, এ তিনটি প্রকল্প বাস্তবায়নে এডিবি অর্থ এবং কারিগরি সহায়তা দিতে রাজি হয়েছে। ফ্লাইওভার নির্মাণের প্রাথমিক কাজগুলো ইতিমধ্যে শেষ হয়েছে। খুব শিগগির এ ব্যাপারে দরপত্র আহ্বান করা হবে।

বন্দর চেয়ারম্যান মোসলেহ উদ্দিন আরো জানান, এডিবি এই তিন প্রকল্প ছাড়াও আরো বড় ধরনের প্রকল্পে সহায়তা দিতে চাচ্ছে। বিশেষ করে পতেঙ্গায় একটি নতুন টার্মিনাল তৈরির ব্যাপারে তারা অর্থ ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। এই টার্মিনালটির নাম হবে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি)।