২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিন্দু সম্প্রদায়ের মহা অষ্টমী স্নান শুরু

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে রোববার সন্ধ্যা থেকে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের মহা অষ্টমী স্নান। এ উপলক্ষে লাঙ্গলবন্দের প্রেমতলার রাজঘাটের কাছে স্বামী বিবেকানন্দের ভাস্কর্য উন্মোচন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 09:11 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

বন্দর উপজেলার লাঙ্গলবন্দে আদি ব্রহ্মপুত্র নদের এ øানে এ বছর অষ্টমী স্নানের লগ্ন শুরু হয়েছে রোববার সন্ধ্যা ৬ টা ১০ মিনিট থেকে। চলবে সোমবার বিকাল ৫ টা পর্যন্ত।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী হোসেন জানান, অষ্টমী স্নান উপলক্ষে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। পুলিশ এই প্রথম ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে। যানজট নিরসনে ঢাকা--চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

‘হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য, তুমি আমার পাপ হরণ করো’-- এই পবিত্র মন্ত্র উচ্চারণ করে পূণ্যার্থীরা ফুল, বেল পাতা, ধান, দূর্বা, হরিতকি, ডাব, আমের পল্লব প্রভৃতি সহযোগে পাপ মুক্ত হওয়ার বাসনায় পূণ্যস্নান করছেন।

লাঙ্গলবন্দে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে ১৩ টি স্নান ঘাট এবং ১১ টি মন্দিরকে ঘিরে এই স্নান উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

অষ্টমী স্নান উপলক্ষে লাঙ্গলবন্দে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাসন্তী মেলা।

হিন্দু পুরানে আছে, পরশুরাম হিমালয়ের পবিত্র সরোবরে স্নান করার পর তার মাতৃ হত্যার পাপ মোচন হয়। তখন তিনি ওই পবিত্র সরোবরের জল লাঙ্গল দিয়ে চষে সমভূমিতে নামিয়ে আনেন। একটানা লাঙ্গল চষার পরে তিনি যে স্থানে এসে লাঙ্গল ‘বন্দ’(বন্ধ) করেন সেটাই আজকের তীর্থ স্থান লাঙ্গলবন্দ।

হিন্দু ধর্মাবলম্বীদের মতে, অষ্টমী স্নানের লগ্নে ব্রহ্মার আদেশে পৃথিবীর সব তীর্থ এসে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়। ব্রহ্মপুত্র পরিণত হয় পৃথিবীর সবচেয়ে বড় তীর্থ স্থানে।

স্থানীয় প্রশাসন ছাড়াও রামকৃষ্ণ মিশন, ইসকন, সাধু নাগ মহাশয়ের আশ্রম, শ্রী গুরু সংঘ, রেড ক্রিসেন্ট সোসাইটি, রোটারি, লায়ন্স ক্লাবসহ শতাধিক ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠন পূণ্যার্থীদের জন্য বিশ্রামাগার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য, প্রাথমিক চিকিৎসা ও কাপড় বদলানোর জায়গার ব্যবস্থা করেছে।

এদিকে স্বামী বিবেকানন্দের স্নানের স্মৃতি ধরে রাখার জন্য প্রেমতলার রাজঘাটে তার একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে। ১৯০১ সালে তিনি তার মাকে নিয়ে লাঙ্গলবন্দের এ ঘাটে অষ্টমী স্নানে এসেছিলেন।

রোববার বিকেলে স্বামী বিবেকানন্দের ভাস্কর্য উন্মোচন করেন ঢাকা ও নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী অমরানন্দ মহারাজ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীর কুমার সাহা, দীলিপ কুমার সাহা, পরিতোষ কান্তি সাহা প্রমুখ ।