২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোল্ট্রি শিল্পকে রক্ষায় চুয়াডাঙ্গায় সতর্কতা

বার্ড ফ্লু থেকে পোল্ট্রি শিল্পকে রক্ষার স্বার্থে জেলা পশু সম্পদ বিভাগ চুয়াডাঙ্গায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনসহ সব ধরনের ছুটি বাতিল করার পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 02:35 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

জেলা পশু সম্পদ কর্মকর্তা অজয় কুমার রোববার এ তথ্য জানান।

তিনি বলেন, ভারত সীমান্ত রেখা সিল করে দিতে বিডিআরকে অনুরোধ করা হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী সারা জেলায় বর্তমানে নিবন্ধনকৃত পোল্ট্রি খামারের সংখ্যা প্রায় ৩০০। এসব খামারের সঙ্গে সরাসরি পাঁচ হাজার লোক জড়িত এবং বিনিয়োগের পরিমাণ প্রায় একশ কোটি টাকা। বার্ড ফ্লু আতঙ্ক থেকে মুক্ত রাখতে জেলা পশু সম্পদ বিভাগের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানান, রোববার থেকে চুয়াডাঙ্গার চারটি উপজেলায় উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ও পশু চিকিৎসকের সমন্বয়ে দুই সদস্যের পরিদর্শক দল গঠন করা হয়েছে।

দলের সদস্যদের দৈনিক যতগুলো সম্ভব খামার পরিদর্শন শেষে সার্বিক পরিস্থিতি জেলা নিয়ন্ত্রণ কক্ষে জানাতে হবে। জেলা পশু সম্পদ কর্মকর্তা বলেন, আতঙ্কিত হওয়ার মত কোনো ঘটনা এখনও চুয়াঙ্গাডায় ঘটেনি।

এ পরিস্থিতিতে ১০টি সতকর্তামূলক বার্তাসহ একটি প্রচারপত্র সব পোল্ট্রি খামারের মালিকদের কাছে পাঠানো হয়েছে।

জেলা নিয়ন্ত্রণ কক্ষে চালু করা হয়েছে হটলাইন। হটলাইন নম্বর গুলো হচ্ছে যথাক্রমে ০১৭১১--১৬৪০৯৬, ০১৭১১--২৪০৭৭৪ এবং ০৭৬১-- ৬৩১৮৩ (টিঅ্যান্ডটি)।

দেশে বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়ে পড়ায় চুয়াডাঙ্গায় পোল্ট্রি মুরগি দাম কেজি প্রতি ১৫ টাকা এবং ডিমের হালি প্রতি এক থেকে দুই টাকা কমে গেছে।

মুরগি ব্যবসায়ী নবিছদ্দিন জানান, এভাবে চলতে থাকলে না খেয়ে মারা যেতে হবে।