২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা করার আগেই সম্পত্তি ক্রোক করতে পারবে দুর্নীতি দমন কমিশন

মামলা দায়ের করার আগেই সম্পত্তি ক্রোক করতে পারবে দুর্নীতি দমন কমিশন।কমিশনের জন্য প্রণীত বিধিমালায় এ রকম একটি ধারা রাখা হয়েছে। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ রোববার বিধিমালাটি অনুমোদন করেছেন। দু’ একদিনের মধ্যে প্রজ্ঞাপন আকারে এ বিধিমালা প্রকাশ করা হতে পারে বলে কমিশনের শীর্ষ এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 07:50 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

ওই কর্মকর্তা তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, কমিশনের ভিতরে যারা দুর্নীতিতে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে বিধিমালায়।

বিধিমালার একটি ধারায় বলা হয়েছে,কোনো ব্যক্তির জ্ঞাত আয় বর্হিভূত স্থাবর অস্থাবর সম্পত্তি মামলা দায়ের করার আগেই ক্রোক করতে পারবে কমিশন। এক্ষেত্রে কমিশনকে বিশেষ আদালতের অনুমোদন নিতে হবে। অভিযুক্ত ব্যক্তি মামলা দায়ের করার আগেই সম্পদ হস্তান্তর, পাচার বা বিক্রি করে দিতে পারেন এমন সন্দেহ হলেই কেবল কমিশন এ ধরনের পদক্ষেপ নিতে পারবে। অনুসন্ধান চলাকালে কমিশন মনে করলে অভিযোগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির বক্তব্য গ্রহণ করবে।

কমিশনের বিদ্যমান আইনে মামলা দায়ের করার আগে সম্পত্তি ক্রোক করার বিধান ছিল না।

এছাড়া কমিশন আইন ও বিধিমালার আওতায় ক্ষমতা প্রযোগের ক্ষেত্রে যদি কমিশনের কোন কর্মকর্তা-কর্মচারী অনিয়মের আশ্রয় নেয় বা কোন ব্যক্তিকে অযথা হয়রানি করে তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এজন্য অভ্যন্তরীন দুর্নীতি দমন কমিটি গঠন করা হবে। কমিটির চেয়ারম্যান হবেন কমিশনের চেয়ারম্যান। তিন সদস্য বিশিষ্ট কমিটির অপর দু’ সদস্য হবেন কমিশনের সচিব এবং মহাপরিচালক ( আইন ও প্রসিকিউসন)।

কমিশনের সচিব ও মহাপরিচালকের (আইন ও প্রসিকিউসর) বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলে কমিশনের চেয়ারম্যানের নির্দেশে কমিশনার তদন্ত পরিচালনা করবেন।

বিধিমালার আরেকটি ধারায় বলা হয়েছে কমিশন অভ্যন্তরীন তদন্তের ক্ষেত্রে প্রয়োজন মনে করলে কমিশনের বাইরেও অন্য সরকারি প্রতিষ্ঠানের সহায়তা গ্রহণ করতে পারবে। এক্ষেত্রে সব গোয়েন্দা সংস্থা তদন্তের কাজে কমিশনকে সহায়তা করবে।

অভ্যন্তরীন দুর্নীতি প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে উদ্দীপনা বৃদ্ধির জন্য পুরষ্কার ও অতিরিক্ত আর্থিক সুবিধা প্রদানের বিধান রাখা হয়েছে।

দুর্নীতি অনুসন্ধানের জন্য প্রথম পর্যায়ে অনুসন্ধানকারী কর্মকর্তাকে ১৫ দিন ও অতিরিক্ত ১৫ দিন, তদন্তের কাজে তদন্তকারী কর্মকর্তাকে ৪৫ দিন এবং অতিরিক্ত ১৫ দিন এবং অভিযুক্ত ব্যক্তিকে সম্পদের হিসাব প্রদানের জন্য প্রথমে ৭ দিন ও অতিরিক্ত ৭সহ ১৪ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ৬০ দিনের মধ্যে তদন্তকারী কর্মকর্তা তদন্তের কাজ সম্পন্ন করতে না পারলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুসন্ধানকারী ও তদন্তকারী কর্মকর্তাকে প্রতি মাসের সাত তারিখের মধ্যে বিগত মাসের কাজের হিসাব কমিশনের কাছে দাখিল করতে হবে।

কমিশন গঠিত হওয়ার দুবছরের বেশি সময় পর কমিশনের বিধিমালা প্রনয়ণ করা হলো। এর আগে একাধিকবার বিধিমালা প্রনয়নের উদ্যোগ নেওয়া হলেও তৎকালীন চেয়ারম্যান ও কমিশনারদের মধ্যে দ্বন্দ্বের কারণে বিধিমালা প্রনয়ন করা যায়নি বলে কমিশনের আরেকজন কর্মকর্তা জানান।