ছুটির মেয়াদ বাড়াচ্ছেন না ফয়জী
হাইকোর্টের বিতর্কিত বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর ছুটির মেয়াদ রোববার শেষ হয়েছে। ছুটি শেষে বিচারকাজে অংশ না নিলেও আদালতে নিজের চেম্বারে বসবেন তিনি।
বিচারপতি ফয়জীর পারিবারিক সূত্র জানিয়েছে, বিচারপতি ফয়জী ছুটি বাড়ানোর আবেদন করবেন না। তিনি আদালতে তার চেম্বারে আসবেন। তবে বেঞ্চে বিচারকাজে অংশ নেবেন না।
এদিকে বিচারপতি ফয়জীর বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে যে চিঠি পাঠিয়েছিলেন তার জবাব সুপ্রিম কোর্টে এখনও আসেনি বলে রেজিস্ট্রার ইকতেদার আহমেদ সাংবাদিদের জানিয়েছেন। তিনি বলেন, ২৫ মার্চ বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর ছুটি শেষ। তবে তিনি নতুন করে ছুটির আবেদন করেননি।
ফলাফল জালিয়াতি প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গত ৩ মার্চ বিচারপতি ফয়জীসহ দুই হাজার ৪শ জনের সনদ বাতিল করে। বিচারপতি ফয়জীসহ ৫০ জনের সনদ বাতিলের গেজেট গত ১০ মার্চ গেজেট আকারে প্রকাশ করে বিশ্ববিদ্যলয় কর্তৃপক্ষ।
৪ মার্চ বিষয়টি পত্রিকায় প্রকাশিত হলে বিচারপতি ফয়জী ওইদিন বিচারকাজে না বসে একদিন ছুটি নেন। পরে ৫ মার্চ ফয়জী ১৫ মার্চ পর্যন্ত ছুটি নিয়েছিলেন। ১৫ মার্চ ফের ২৫ মার্চ পর্যন্ত ছুটি বাড়িয়ে নেন তিনি।
এদিকে বিচারপতি ফয়জীর এলএলবি সনদ বাতিলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত ১৯ মার্চ হাইকোর্ট স্থগিত করে দেয়।
