স্বাধীনতা দিবস পুরস্কার এবার সেনাবাহিনী ও ব্র্যাকের
দেশ ও সমাজের প্রতি বিশেষ অবদান রাখার জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বেসরকারি সংস্থা ব্র্যাক। রোববার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মইন উ আহমেদ ও ব্র্যাকের পক্ষে সংস্থাটির প্রধান ফজলে হাসান আবেদ প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের কাছ থেকে এ পুরস্কার নিয়েছেন।
প্রধান উপদেষ্টা স্বাধীনতা যুদ্ধে আহতদের স্মরণ করে বলেন, তাদের অবদান মনে না রাখলে স্বাধীনতার মূল চেতনাই বোধের অতীত থেকে যায়। তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিশেষ ভাতা দেওয়ারও অঙ্গীকার করেছেন।
এবারের পুরস্কার বিজয়ীদের এ প্রাপ্তির পক্ষে যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে ফখরুদ্দীন আহমদ বলেন, সেনাবাহিনী সব দেশে আছে। যুদ্ধ বিগ্রহে তারা দায়িত্ব পালন করে। কিন্তু আমাদের দেশের সেনাবাহিনী দুর্যোগে, যোগাযাগ ব্যবস্থার উন্নয়নে এবং বেসামরিক প্রশাসনকে সহায়তায় বিশেষ ভূমিকা পালন করে থাকে। ।
ব্র্যাক সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, উন্নয়ন ও দারিদ্র্য-এ বিষয় দুটির চ্যালেঞ্জ মোকাবিলা বেসরকারি সংস্থার সহযোগিতা ছাড়া সম্ভব না। ব্র্যাক এক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে। সাধারণ মানুষের বিশেষ করে নারীর ক্ষমতায়নে এ সংস্থাটির ভূমিকা অসামান্য। এছাড়াও পুরো পৃথিবীতে বাংলাদেশের জন্য সম্মান বয়ে নিয়ে এনেছে ব্র্যাক।
প্রধান উপদেষ্টা আরো বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর গত আড়াই মাসে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা এসেছে। শিল্পখাতে উন্নয়ন ঘটেছে, প্রবৃদ্ধি বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম শেয়ার বাজারে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল তা কেটে গিয়ে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এমনকি প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে স্থবির হয়ে যাওয়া স্থলবন্দরেও। বৈদেশিক মুদ্রাবাজারও স্থিতিশীল আছে।
পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মইন উ আহমেদ বলেন, ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পরে দেশে শান্তি ফিরিয়ে আনতে সেনাবাহিনী বিশেষ অবদান রেখেছে। দেশের স্বাধীনতা সংগ্রামে সেনাবাহিনীর অবদানের কথাও তুলে ধরেন। একই সঙ্গে তিনি বলেন পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠাসহ সারাদেশে সেনাবাহিনীর বিভিন্ন সামাজিক কার্যক্রমের কথা।
