২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরে এলো কালরাত্রির দিন

আজ ২৫শে মার্চ, বাঙালির ইতিহাসে ভয়াল স্মৃতিতাড়িত কালরাত্রির দিন। আজ থেকে ঠিক ৩৬ বছর আগে ১৯৭১ সালের সেই কালরাতে পাকিস্তানি সেনাবাহিনী অতর্কিত নির্মম আক্রমণ চালায় নিরীহ বাঙালির উপর। মেশিনগান--মর্টার--ট্যাঙ্ক নিয়ে আক্রমণ চালিয়ে হানাদাররা হত্যা করেছিল অন্তত ৫০ হাজার ঘুমন্ত মানুষকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 10:20 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

হত্যাযজ্ঞ চলছিল দেশের বিভিন্ন স্থানে। ইয়াহিয়ার সেনাবাহিনী বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, শিক্ষক কলোনি, পুলিশ--ইপিআর ব্যারাকসহ আবাসিক এলাকা এবং বস্তিবাসীর উপর বর্বর আক্রমণ চালিয়ে শুরু করেছিল নয় মাসব্যাপী ইতিহাসের নজিরবিহীন গণহত্যা, নিপীড়ন, অগ্নিসংযোগ, লুটতরাজ। ‘অপারেশন সার্চলাইট’ নামের এ হত্যাযজ্ঞে স্তম্ভিত হয়ে পড়েছিল বিশ্ববিবেক।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে বাঙালি জাতি যখন ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন কর্মসূচি ও সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই বাঙালির স্বাধীনতার আকাক্সক্ষাকে ধুলিসাৎ করার উদ্দেশ্যে হানাদার বাহিনী হত্যাযজ্ঞে মেতে ওঠে।

নিরীহ বাঙালির ওপর পাকিস্তান সেনাবাহিনীর বর্বর আক্রমণে সারাদেশে অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। সাধারন মানুষের পাশাপাশি প্রতিরোধে এগিয়ে আসেন সেনাবাহিনী ও পুলিশের বাঙালি সদস্যরা। শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। তারই ধারাবাহিকতায় নয় মাসের মুক্তিযুদ্ধে অর্জিত হয় স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশ।

২৫ মার্চের কালরাত এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। মুক্তিযুদ্ধ যাদুঘরের উদ্যোগে রয়েছে শহীদদের স্মরনে প্রদীপ প্রজ্বালন, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। বীরশ্রেষ্ঠ মতিউরকে নিয়ে মিলি রহমান ও খিজির হায়াত খান নির্মিত ‘অস্তিত্বে আমার দেশ’ চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী আজ।

আবদুল হামিদ রায়হানের তোলা ছবি নিয়ে দৃক গ্যালারিত আজ থেকে শুরু হচ্ছে ‘আমার দেখা ৭১’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের আলোচনা সভা, কোডা, সোডা, ইউডা আয়োজন করেছে পথচিত্রাঙ্কন। এছাড়া একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বঙ্গবন্ধু শিশু-কিশোর সংঘ ও মুক্তিযোদ্ধা গণ-পরিষদসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করবে।