ভোলায় টর্নেডো ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সাহায্য চেয়েছে প্রশাসন
ভোলার বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলায় বৃহস্পতিবারের টর্নেডোয় ৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের কাছে জরুরি ত্রাণ বরাদ্দ চেয়েছে উপজেলা প্রশাসন। ভয়াবহ এ টর্নেডোয় নিহত হন ১০ জন।
বোরহানউদ্দিনের ইউএনও সৈয়দ সিকান্দর হযরাত রিজভি জানান, বোরহানউদ্দিনে তিনজন মারা গেছেন এবং ছয়শ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলের ক্ষতি হয়েছে সাড়ে পাঁচ কোটি টাকার।
লালমোহনের ইউএনও কামরুল হাসান জানিয়েছেন, তার উপজেলায় সাত জন নিহত হয়েছেন এবং দুই হাজার টিনের ও কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলের ক্ষতি হয়েছে চার কোটি টাকার।
বোরহানউদ্দিন ইউএনও তার উপজেলার জন্য চারশ মেট্রিক টন চাল, পাঁচশ বান্ডিল টিন এবং নগদ বিশ লাখ টাকা বরাদ্দ চেয়েছেন।
এছাড়া লালমোহন ইউএনও পাঁচশ মেট্রিক টন চাল, পাঁচশ বান্ডিল টিন ও ত্রিশ লাখ টাকা বরাদ্দের আবদন করেছেন।
শনিবার দুই উপজেলায় নিহত ১০ পরিবারে দুই হাজার করে টাকা এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ২২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
ভোলা জেলা প্রশাসক মো. বেলায়েত হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চাহিদা মোতাবেক খাদ্য শস্য, ঢেউটিন ও টাকা বরাদ্দের জন্য শনিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি চিঠি পঠিয়েছেন।
