২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে র‌্যাব হেফাজতে একজনের মৃত্যু

র‌্যাব--১১ সাভার ক্যাম্পের হেফাজতে বৃহস্পতিবার রাতে ইয়ার হোসেন (৩২) নামে একজন মারা গেছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 09:42 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

নিহত ইয়ার হোসেনকে র‌্যাব সন্ত্রাসী বলে দাবি করলেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ জানাতে পারেনি। সাভার থানার দায়িত্বরত কর্মকর্তা হেলেনা পারভীনও ইয়ার হোসেনের বিরুদ্ধে কোনো মামলা থাকার কথা বলতে পারেননি।

র‌্যাব--১১ সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সাভার ক্যাম্পে ইয়ার হোসেনকে (৩২) জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে উপ--সহকারি পরিচালক খন্দকার মো. মোহসীন মুমুর্ষু অবস্থায় সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইয়ার হোসেন ধামরাই উপজেলার টেটাইল গ্রামের মৃত আব্দুল গনি মাস্টারের ছেলে।

এদিকে শুক্রবার রাতে র‌্যাব সদর দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে র‌্যাব--১১ এর সদস্যরা সন্ত্রাসী ইয়ার হোসেনকে গ্রেপ্তারের জন্য তার বাড়ির কাছে পৌঁছালে ইয়ার হোসেন লেবু বাগানের মধ্যে দিয়ে দৌড়ে পালাতে থাকেন। র‌্যাব সদস্যরা তাকে থামানোর জন্য দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ইয়ার হোসেন হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। লেবু বাগানের মধ্যে দৌড়াদৌড়ি এবং হোচট খেয়ে পড়ে যাওয়ায় তার হাত, পা ও উরুসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির উঠানের মাটির নিচে থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া ঢাকার ধানমন্ডিতে তার সহযোগী কবিরের কাছে আরো অস্ত্র আছে বলে জানালে র‌্যাব সদস্যরা  ভোর ৫টার দিকে তাকে নিয়ে ধানমিন্ডর উদ্দেশে রওনা হন। পথে সাভার রেডিও কলোনির কাছে পৌঁছে অসুস্থ বোধ করায় ইয়ার হোসেনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি চিকিৎসা দেওয়ার কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।

এ ব্যাপারে র‌্যাব--১১ সাভার ক্যাম্পের এএসপি সোলায়মান কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে নফহবংি২৪.পড়স কে তিনি বলেন, “ছুটির দিন হওয়ায় শুক্রবার সারাদিন আমি কার্যালয়ে যাইনি। এ কারণে ইয়ার হোসোনের ব্যাপারে আমার পক্ষে কিছু জানানো সম্ভব না।”

তিনি সাভার ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন ফেরদৌস আল মাসুদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

পরে ক্যাপ্টেন ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও এ ব্যাপারে কিছু বলতে অস্বীকার করেন।  

সাভার থানার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিউদ্দিন সরকার জানান, হৃদরোগে ইয়ার হোসেন মারা গেছেন।

এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. তানভীর হোসেন পরশ বাদী হয়ে সাভার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার থানার এসআই মনিরুজ্জামান নফহবংি২৪.পড়স কে জানান, শুক্রবার সকালে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান তরফদারের উপস্থিতিতে সূরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য ইয়ার হোসেনের লাশ মর্গে পাঠানো হয়েছে।

ময়না তদন্তের প্রতিবেদনে আঘাতজনিত কারনে ইয়ার হোসেনের মৃত্যুর প্রমাণ পাওয়া গেলে র‌্যাবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে।