ভবদহকে দুর্গত এলাকা ঘোষণার দাবি
দেশের দক্ষিণ--পশ্চিমাঞ্চলের ভবদহ এলাকাকে অবিলম্বে দুগর্ত এলাকা ঘোষণা করে জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর সহায়তা চেয়েছে সামাজিক সংগঠন নাগরিক সংহতি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক সংহতি আয়োজিত “ভবদহসহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতার কারণ ও প্রতিকারে করণীয়” শীর্ষক জাতীয় সেমিনারে এ দাবি জানানো হয়।
সেমিনারে বলা হয়, পরিকল্পনাহীন উন্নয়নের কারণে ভবদহে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ এলাকার জনসাধারণকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।
পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত বলেন, “যশোরের ভবদহ এলাকায় জলাবদ্ধতা সমস্যা দীর্ঘ দিনের। সেখানকার নদীর গভীরতা কমে যাওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। এ জন্য নদীর গভীরতা বাড়াতে হবে।” দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ শুরু করা উচিত উল্লেখ করে তিনি বলেন, সমস্যা সমাধানে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে।
নাগরিক সংহতির সভাপতি অধ্যাপক এস এম আতিকুর রহমান বলেন, “সমস্যা বিস্তৃত হচ্ছে। ভবদহ এলাকায় জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ করা প্রয়োজন।”
সবুজ বিপ্লবের নামে ৬০ এর দশক থেকে ওই অঞ্চলে অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে পলি জমে নদ--নদী ভরাট হয়ে গেছে বলে তিনি জানান।
সেমিনারে গবেষক হামিদুল হক তারেক (বীর বিক্রম) বলেন, স্বল্পমেয়াদি পরিকল্পনা হিসাবে ভবদহকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান। এছাড়া জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সহায়তা চান তিনি।
অ্যাকশন এইডের আবাসিক প্রতিনিধি শোয়েব সিদ্দিকী বলেন, জলাবদ্ধতার কারণে গোটা এলাকার পরিবেশসহ সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। ভবদহে জলাবদ্ধতার পাশাপাশি ক্ষমতা ও পেশিশক্তি সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সেমিনারে লিখিত প্রবন্ধে মহির উদ্দিন বিশ্বাস বলেন, জলাবদ্ধতা বছর প্রতি প্রায় ৪০ বর্গ কিলোমিটার করে বিস্তৃত হওয়ায় দক্ষিণ পশ্চিমাঞ্চল মহাদুর্যোগের দিকে এগিয়ে যাচ্ছে। অবকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। এনজিওর ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে। এছাড়া সৃষ্টি হয়েছে প্রশাসনিক অস্থিরতা, রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্ব।
প্রবন্ধে উজানে জলাধার নির্মাণ, ভরাট হওয়া নদী খনন, নদী দখল প্রক্রিয়া বন্ধ ও দখলকৃত নদী উদ্ধার করাসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রস্তাব করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক এস এম আতিকুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করে ড. আইনুন নিশাত।
