মেয়র মহিউদ্দিনকে কারাগারে প্রেরণ, সিটি কর্পোরেশন ভবনে তল্লাশি
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার সকাল পৌনে দশটা থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্দরকিল্লা ভবনে তল্লাশি শুরু করেছে যৌথবাহিনী। দুপুর একটা পর্যন্ত সিটি কর্পোরেশন ভবন ঘিরে রেখে তল্লাশি চালায় যৌথ বাহিনী।
বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটে সিটি মেয়রকে আদালত ভবনের দ্বিতীয় তলায় মহানগর হাকিম আদালতে হাজির করা হলে মুখ্য মহানগর হাকিম মোকছেদুর রহমান জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জনাকীর্ণ আদালতে সেনাবাহিনী ও র্যাবের কড়া নিরাপত্তার মধ্যে মেয়রকে আদালতে হাজির করা হয়। এরপর মেয়রের পক্ষে চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইব্রাহীম হোসেন বাবুলসহ শতাধিক আইনজীবী জামিন ও ‘ডিভিশন’ প্রদানের আবেদন জানান।
দশ মিনিটের চেয়ে কম সময়ের শুনানি শেষে মুখ্য মহানগর হাকিম জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসাথে কারা বিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে ‘ডিভিশন’ এবং অসুস্থ থাকলে চিকিৎসা সুবিধা দেওয়ার আদেশ দেন।
আগামী ২২ মার্চ এই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
আদালত থেকে বেরিয়ে আসার পথে মেয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাইলেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে কথা বলতে দেয়নি।
মেয়র প্রিজন ভ্যান থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “জনগণের জন্য রাজনীতি করেছি তাই গ্রেপ্তার হয়েছি। আমি কখনও জেলে যেতে ভয় পাই না।”
মহিউদ্দিনকে নিয়ে গাড়িটি আদালত প্রাঙ্গন ত্যাগ করার সময় শতাধিক আইনজীবী মেয়রের মুক্তির দাবিতে মিছিল বের করে।
যৌথবাহিনীর হেফাজত থেকে মেয়র মহিউদ্দিন চৌধুরীকে আদালতে আনার পথে স্বল্প সময়ের জন্য পাঁচলাইশ থানায় নেয়া হয়। সেখানে মামলার কাগজপত্রের প্রক্রিয়া শেষে তাকে কড়া নিরাপত্তা প্রহরায় আদালত ভবনে নিয়ে আসা হয়।
পাঁচলাইশ থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই কবির হোসেন নফহবংি২৪.পড়স কে জানান, যৌথবাহিনীর কর্মকর্তারা মেয়রকে মামলার কাগজপত্রের তৈরির জন্য পাঁচ--সাত মিনিটের জন্য থানায় এনেছিলেন।
